২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী ছেলেসহ শাজাহান সিরাজের কারাদণ্ড

কর ফাঁকি ও কর সংক্রান্ত তথ্য গোপনের অপরাধে সাবেক মন্ত্রী বিএনপি নেতা শাজাহান সিরাজ, তার স্ত্রী রাবেয়া সিরাজ ও পুত্র রাজিব সিরাজকে পৃথক তিনটি মামলায় ৮ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সামসুন্নাহার বেগম এ রায় দেন। মামলার তিন আসামিই পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে এ সাজা কার্যকর হবে। বিচারক রায়ে বলেন, আয়কর অধ্যাদেশের ১৬৬ ধারায় আয়কর সংক্রান্ত তথ্য গোপনের দায়ে শাজাহান সিরাজ ও রাজিব সিরাজকে পাঁচ বছরের কারাদন্ড, এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2007, 05:48 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কর ফাঁকি ও কর সংক্রান্ত তথ্য গোপনের অপরাধে সাবেক মন্ত্রী বিএনপি নেতা শাজাহান সিরাজ, তার স্ত্রী রাবেয়া সিরাজ ও পুত্র রাজিব সিরাজকে পৃথক তিনটি মামলায় ৮ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সামসুন্নাহার বেগম এ রায় দেন। মামলার তিন আসামিই পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে এ সাজা কার্যকর হবে। বিচারক রায়ে বলেন, আয়কর অধ্যাদেশের ১৬৬ ধারায় আয়কর সংক্রান্ত তথ্য গোপনের দায়ে শাজাহান সিরাজ ও রাজিব সিরাজকে পাঁচ বছরের কারাদন্ড, এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়া ১৬৫ ধারায় দুজনেরই তিন বছরের কারাদন্ড, এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়া রাবেয়া সিরাজকে দেড় লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও নয় মাসের কারাদন্ডের রায় দেওয়া হয়েছে। এর আগে গত ২৭ আগস্ট আয়কর ফাঁকি ও কর সংক্রান্ত তথ্য গোপনের দায়ে শাজাহান সিরাজের স্ত্রী রাবেয়া সিরাজকে আলাদা চারটি মামলায় ৩২ বছরের কারাদণ্ড দেয় আদালত। আগামী ৫ সেপ্টেম্বর রাজিব সিরাজের বিরুদ্ধে একই অভিযোগে দায়ের করা আরও চারটি মামলার রায় ঘোষণার কথা রয়েছে। শাজাহান সিরাজ এবং রাজিব সিরাজের সাজা একটি শেষ হলে আরেকটি কার্যকর হবে। অর্থাৎ তাদেরকে আট বছরই কারাভোগ করতে হবে। অন্যদিকে রাবেয়া সিরাজের সাজা একই সঙ্গে কার্যকর হওয়ার কারণে তাকে পাঁচ বছর সাজা ভোগ করতে হবে। গত ১৬ জুলাই আয়কর ফাঁকির অভিযোগে শাজাহান সিরাজ, তার স্ত্রী রাবেয়া সিরাজ ও ছেলে রাজিব সিরাজের বিরুদ্ধে আলাদা ১১ টি মামলা দায়ের করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শাজাহান সিরাজের বিরুদ্ধে এনবিআরের সহকারী কর কমিশনার মোছাম্মৎ রহিমা খাতুেনর দায়ের করা মামলায় বলা হয়েছে, ২০০৩-০৪ করবর্ষে দাখিল করা আয়কর রিটার্নে মেয়ের বিয়েসহ বিভিন্ন খাতে ব্যয় করা ৯ লাখ ১৯ হাজার ৮০৯ টাকা প্রদর্শন না করে ২ লাখ ৪৭ হাজার ৬৪ টাকা কর ফাঁকি দিয়েছেন শাজাহান সিরাজ। অন্যদিকে রাবেয়া সিরাজের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে মামলা দায়ের করেন সহকারী কর কমিশনার প্রতাপ চন্দ্র পাল। মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্ত রাবেয়া রাজধানীর সুত্রাপুরে ৩ দশমিক ২৮ কাঠা জমি কিনেছেন। যার দলিল মূল্য ৪ লাখ ৩২ হাজার টাকা। ওই জমির তথ্য গোপন করে তিনি ২০০৬-০৭ করবর্ষে ৫৮ হাজার ৬১৯ টাকার কর ফাঁকি দিয়েছেন। এই জমিটি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে আদালত। রাজিব সিরাজের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে মামলাটি দায়ের করেন উপ-কর কমিশনার আবুল কালাম আজাদ। মামলায় তিনি অভিযোগ করেন, রাজিব প্রিকাস্ট কংক্রিট ইন্ডাস্ট্রিজ লি. এর একজন পরিচালক। তিনি ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ৪ লাখ ৩২ হাজার ৬২৩ টাকা খরচ করেছেন। এ খরচের বিষয়টি তিনি ২০০৩-০৪ করবর্ষে দাখিল করা রিটার্নে উল্লেখ না করে ৬৩ হাজার ৭৯ টাকার কর ফাঁকি দিয়েছেন। গত ৮ আগস্ট বিশেষ জজ আদালতে এসব মামলার অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য গ্রহণ শুরু হয় ১২ আগস্ট। ২১ আগস্ট রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের পর বিচারক রায় দেওয়ার এ দিন ধার্য করেন। কর ফাঁকির মামলাতে গত ১৫ আগস্ট শাজাহান সিরাজের পুত্রবধূ ফারজানা খানকেও ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তিনিও পলাতক রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এসকে/