২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুলু দম্পতি ও ওবায়দুল কাদেরের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন

দুর্নীতির অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এছাড়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেছার বিরুদ্ধে কর ফাঁকির মামলায় অভিযোগ গঠন করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2007, 01:33 PM

Updated : 26 Aug 2022, 08:32 PM

ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এছাড়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেছার বিরুদ্ধে কর ফাঁকির মামলায় অভিযোগ গঠন করেছে আদালত। বুধবার বিকেলে সংসদ ভবনের বিশেষ জজ আদালত- ১ এর বিচারক মো. ফিরোজ আলম দুল দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আগামী ৬ সেপ্টেম্বর মামলার সাক্ষ্য নেওয়া হবে। দুর্নীতি দমন কমিশনে জমা দেওয়া হিসাব বিবরণীর বাইরে নয় কোটি ১৩ লাখ ৮০ হাজার ৭৪৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তিন কোটি ছয় লাখ ৫৫ হাজার ২৪৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুলু দম্পতির বিরুদ্ধে মামলায় দায়ের করে কমিশন। গত ২২ জুলাই কমিশনের সহকারী পরিচালক নুরজাহান আহমেদ এ মামলার অভিযোগপত্র দেন। দুলুকে এরই মধ্যে প্রতিপক্ষের বাড়ি পোড়ানোর দুটি মামলায় আট ও ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া জঙ্গিবাদে মদদ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ২০টিরও বেশি করা হয়েছে। এদিকে, ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেছার বিরুদ্ধে কর ফাঁকির মামলায় বুধবার বিকেলে বিশেষ জজ আদালত- ৪ এর বিচারক সামসুন্নাহার বেগম অভিযোগ গঠন করে আগামী ৫ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। গত ৭ আগস্ট এনবিআরের সহকারী কর কমিশনার নিগার সুলতানা বাদী হয়ে ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হকের আদালতে মামলাটি দায়ের করেন। ওই দিন বিচারক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্ত ২০০০ থেকে ২০০৭ পর্যন্ত বিভিন্ন করবর্ষে ৮৮ লাখ ৭৬ হাজার ৭১৭ টাকার সম্পদের ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন। ওবায়দুল কাদের এখন কারাগারে থাকলেও তার স্ত্রী পলাতক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/১৯২৩ ঘ.