ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কর্মসূচি হিসেবে শুধু শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা যাবে। মিছিল, ব্যানার বহন কিংবা কোন আলোচনা সভা করা যাবে না।
বুধবার বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ২৯তম প্রতিষ্ঠার্বাষিকী। দিবসটি পালনের জন্য গত ২৫ আগস্ট বিএনপির পক্ষ থেকে যুগ্মমহাসচিব নজরুল ইসলাম খান কেন্দ্রীয় ও উপজেলা পর্যায়ে দুই দিনের কর্মসূচির অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে আবেদন করেন।
বুধবার উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পর কমিটির আহবায়ক আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিকদের জানান, ''প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতির কবরে পুষ্পমাল্য অর্পণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে কোনো ব্যানার বহন করা যাবে না। এছাড়া আলোচনা সভা করার কোনো অনুমতি দেওয়া হয়নি।''
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসএম/এমএইচবি/১৯১০ ঘ.
bdnews24