ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ছাত্র-জনতা বিক্ষোভের কারণে নগর জুড়ে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অফিস ফেরতা হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। সান্ধ্য আইন জারি হতে পারে, এমন আগাম খবরে দুপুর থেকে অফিস ও দোকান পাট বন্ধ করে মানুষ ঘরমুখী হয়।
বিকেল ৫টার দিকে কলেজ গেটে দেখা যায় মিরপুর সড়ক ধরে অসংখ্য নারী -পুরুষ দলে দলে হেঁটে মিরপুর, শ্যামলী, কল্যানপুরসহ আশেপাশের এলাকায় বাসার দিকে ফিরছেন। অনেক সৌভাগ্যবান অবশ্য রিকশা ভ্যান পান। বেশীরভাগই মতিঝিল ও ফার্ম গেট এলাকার অফিস ফেরতা। সবার চোখে -মুখে দেখা যায় ক্লান্তি আর অনিশ্চয়তার ছাপ।
বুধবার দিনভর মিরপুর বাংলা কলেজ ও আগারগাঁও শেরে বাংলা কৃষি বিদ্যালয়ের ছাত্র - জনতা লাঠিসোটা নিয়ে মিরপুর এক নম্বর গোল চত্বর থেকে আসাদ গেট পর্যন্ত দখলে রাখায় এই সড়কে সমস্ত যান চলাচল বন্ধ থাকে। রাস্তার এখানে -সেখানে জ্বলতে দেখা যায় টায়ার। কোনো কোনো এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
মতিঝিলের একটি বেসরকারি অফিসের পাঁচ জনের একটি দলকে রোদে পুড়ে হেঁটে ফিরতে দেখা যায়। দলের একজন আসমা খাতুন জানান, সান্ধ্য আইন জারি হতে পারে, এমন কথা শুনে তারা ২ টার পর অফিস থেকে বের হন। কিন্তু কোনো যানবাহন না পেয়ে হেঁটেই মিরপুর মাজার রোডের বাসায় যাচ্ছেন। মাঝখানে একবার ফার্ম গেটে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে চা-বিস্কুট খেয়ে আবারো রওনা দিয়েছেন।
বেশ কয়েকটি মিরপুরগামী লোকাল মিনিবাস ও সিএনজি চালিত বেবী ট্যাক্সিকে দেখা যায় পরিস্থিতি বুঝে আসাদ গেট থেকে ঘুরে অন্যদিকে ফিরতে।
এরই মাঝে লোকমুখে বলাবলি হতে থাকে রেডিও - টেলিভিশনে রাত ৮ টা থেকে সান্ধ্যা আইন জারি হওয়ার কথা ঘোষণা দেওয়া হয়েছে।
মোহাম্মদপুরের টাউন হলের রিকশা চালক আব্দুর রশিদ বলেন, "কারফিউয়ের কথা শুনছি। অন্যদিন রাত ১০ টা - ১১ টা পর্যন্ত রিকশা চালাই। কিন্তু আজকে তাড়াতাড়ি রিকশা গ্যারেজে জমা দিতে হইব। বোধহয় দুই-তিন কেজি চাইল কেনার টাকাও পামু না।!"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ বিআর/ ১৮২১ ঘ.
bdnews24