টাঙ্গাইল, আগস্ট ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ বলেছেন, খালেদা জিয়া কোনো অন্যায় করেননি। এজন্য কোনো অভিযোগ থাকলে দেশে থেকে আইনি প্রক্রিয়াতেই তিনি তা মোকাবিলা করবেন।
রোববার টাঙ্গাইলের বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের সময় তিনি এ কথা বলেন।
হান্নান শাহ বলেন, খালেদা জিয়া নিজে বন্যার্তদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন। কয়েকদিন আগেও তার আসার কথা ছিল কালিহাতীতে। কিন্তু সরকারের অনুমতি না পাওয়ায় তিনি আসতে পারেননি।
বিএনপি প্রধান যদি গ্রেপ্তার হন তাহলে নেতাকর্মীদের করণীয় কী হবে- সাংবাদিকদের এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, "যদির কথা নদীতে ফেলে দেন"।
তিনি বলেন, এর আগেও ম্যাডামকে দেশের বাইরে পাঠানোর কথা উঠেছিল। সুতরাং এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।"
ত্রাণ বিতরণের সময় হান্নান শাহের সঙ্গে ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় নেতা খন্দকার বাবুল চৌধুরী, জেলা বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বুলবুল প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২২০৫ ঘ.
bdnews24