ঢাকা, আগষ্ট ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- লন্ডন ও যুক্তরাষ্ট্রে অবস্থানরত ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে কথা বলতে চান শেখ হাসিনা। শুক্রবার দুপুরে শেরে বাংলা নগরে সাব জেলের সামনে তার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ শুত্র"বার সাংবাদিকদের এই ইচ্ছার কথা জানান।
তবে কারা কর্তৃপক্ষ জানিয়েছেন,এ ধরনের কোনো ইচ্ছার কথা শেখ হাসিনা তাদের জানাননি। তবে জানালেও জেল কোড অনুযায়ী টেলিফোনে যোগাযোগ করার কোনো সুযোগ নেই।
ড. হাসান মাহমুদ আগামী সাপ্তাহে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের জন্য ১৪ জনের তালিকা সম্বলিত আবেদনপত্র শুক্রবার দুপুরে সাব জেলে কারা কর্তৃপক্ষের কাছে জমা দেন।
তিনি পরে সাংবাদিকদের বলেন,'' সভানেত্রী প্রবাসে বসবাসরত তার ছেলে জয়, মেয়ে পুতুল ও বোন শেখ রেহানার সঙ্গে সপ্তাহে অন্তত একবার ফোনে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন। বিষয়টি আমরা কারা কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেননি। এ ব্যাপারে আমরা সরকারের কাছে লিখিত আবেদন করব। দরকার হলে আমরা ফোনের বিল দিয়ে দেব।''
তিনি আরো জানান, ''সভানেত্রী কারাগারে কম্পিউটার ব্যবহার করতে চান। তাকে কম্পিউটার ব্যবহারের সুযোগ দিতে হবে। তিনি শুধু বাংলাদেশ টেলিভিশন দেখতে পারছেন। তাকে অন্য কোনো স্যাটেলাইট চ্যানেল দেখতে দেওয়া হচ্ছে না।"
উপ-কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ ব্যাপারে বলেন, "সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য ১২ জনের একটি আবেদন আমরা পেয়েছি। এটি এসবিতে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আর টেলিফোনে ছেলে-মেয়ে-বোনের সঙ্গে কথা বলার বিষয়ে তিনি আমাদের কখনো কিছুই বলেননি।"
শেখ হাসিনা কম্পিউটার ব্যবহারের কথাও বলেননি জানিয়ে উপ-কারা মহাপরিদর্শক বলেন, "বললেও জেল কোড অনুযায়ী কারাবন্দী কারো কোথাও টেলিফোন করা বা কম্পিউটার ব্যবহারের সুযোগ নেই।''
ড. হাসান মাহমুদ আরো জানান, তিনি সভানেত্রীর জন্য কারাগারে নজরুল ইসলাম সম্পাদিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মারক গ্রন্থ , পিরিম কুল কাদিরভের লেখা বাবর প্রথম ও দ্বিতীয় খন্ড-এই তিনটি বই দিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এলএইচ/এসকে/১৫৫২ ঘ.
bdnews24