২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিসাব বিবরণীর বাইরে খালেদা ও তারেকের সম্পদ নেই: আইনজীবী

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমান দুর্নীতি দমন কমিশনে যে হিসাব বিবরণী জমা দিয়েছেন, তার বাইরে তাদের জানামতে কোনো সম্পদ নেই। বুধবার বিকেলে তাদের ব্যক্তিগত আইনজীবী আহমেদ আজম খান সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ে এই দাবি করেন। একই সঙ্গে তিনি জোরালোভাবে দাবি করেছেন , তারেক রহমান বিএনপির মুখপাত্র দৈনিক দিনকালের একক মালিক নন; কেবল দলের সিদ্ধান্তে পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর নিযুক্ত হয়েছিলেন তিনি। পুরানা পল্টনে অ্যাডভোকেট আজম খানের চেম্বারে এই সংবাদ ব্রিফিং হয়। অ্যাডভোকেট আজম খান জানান, তারেক রহমান কারাগারে অন্তরীণ অবস্থায় দুর্নীতি দমন কমিশনের নোটিশ অনুযায়ী ১০ জুন সম্পদের বিবরণী জমা দেন। ওই বিবরণীর বাইরে তার জানা মতে কোথাও কোনো সম্পত্তি নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 11:32 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ঢাকা, আগস্ট ১৫(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমান দুর্নীতি দমন কমিশনে যে হিসাব বিবরণী জমা দিয়েছেন, তার বাইরে তাদের জানামতে কোনো সম্পদ নেই। বুধবার বিকেলে তাদের ব্যক্তিগত আইনজীবী আহমেদ আজম খান সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ে এই দাবি করেন। একই সঙ্গে তিনি জোরালোভাবে দাবি করেছেন , তারেক রহমান বিএনপির মুখপাত্র দৈনিক দিনকালের একক মালিক নন; কেবল দলের সিদ্ধান্তে পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর নিযুক্ত হয়েছিলেন তিনি। পুরানা পল্টনে অ্যাডভোকেট আজম খানের চেম্বারে এই সংবাদ ব্রিফিং হয়। অ্যাডভোকেট আজম খান জানান, তারেক রহমান কারাগারে অন্তরীণ অবস্থায় দুর্নীতি দমন কমিশনের নোটিশ অনুযায়ী ১০ জুন সম্পদের বিবরণী জমা দেন। ওই বিবরণীর বাইরে তার জানা মতে কোথাও কোনো সম্পত্তি নেই। আজম খান দাবি করেন, গণমাধ্যমে বসুন্ধরা ও গাজীপুরে তারেক রহমানের জমি আছে বলে যে খবর প্রকাশ হয়েছে তা সঠিক নয়। তিনি বলেন, তারেক দুর্নীতি দমন কমিশনকে জানিয়েছেন যে, ওই দুটি জমির মালিক তিনি বা তার পরিবারের কেউ নয়। এর মালিকানা তিনি দাবি করেন না। গত কয়েকদিন ধরে তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে এবং খালেদা জিয়ার জমা দেওয়া সম্পত্তির হিসাব তদন্ত করছে কমিশন- গণমাধ্যমে এরকম প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে আজম খান এ সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করেন। এক প্রশ্নের জবাবে আজম খান জানান, দৈনিক দিনকালের মূল মালিক ছিলেন সাবেক বিএনপি নেতা এম এ জিন্নাহ। তিনি ১৯৯১ সালের ২ জুলাই এটির মালিকানা বিএনপির কাছে হস্তান্তর করেন। সেই সুবাদে দলীয় মুখপাত্র হিসেবে পত্রিকাটি কেনেন দলের তদানীন্তন মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার। অধ্যাপক মাজিদুল ইসলাম সম্পাদক নিযুক্ত হন। পরে কিছু সময়ের জন্য শেখ রাজ্জাক আলীও সম্পাদক ছিলেন। ১৯৯৮ সালে বিএনপির নীতিনির্ধারনী বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দলের সিনিয়র যুগ্ম -মহাসচিব তারেক রহমানকে ওই পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর নিয়োগ করা হয়। সরকারি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ২০০২ সালের ১৬ এপ্রিল তারেক দৈনিক দিনকালের প্রকাশক ও মুদ্রাকরের দায়িত্বভার নেন। আজম খান বলেন,''দৈনিক দিনকালের অস্থাবর ও স্থাবর সকল সম্পত্তির মালিকানা বিএনপির। সেই সুবাদে এ সংক্রান্ত বিষয়ে তারেক রহমানের বিরুদ্ধে কোনো মামলা দায়ের হতে পারে না।'' এক প্রশ্নের জবাবে আজম খান বলেন,''তারেক রহমানের সম্পত্তির বিবরণীতে কোনো অপ্রর্দশিত আয় নেই। একইভাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ারও দুর্নীতি দমন কমিশনে জমা দেওয়ার হিসাবের বাইরে কোনো কিছুই নেই।'' দৈনিক দিনকালের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, "এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৩ শ সাংবাদিক-কর্মচারি কাজ করছেন। পত্রিকাটির নিয়োগপ্রাপ্ত প্রকাশক ও মুদ্রাকর তারেক রহমান। তার ওপর মালিকানার দায়ভার পড়ে না। পত্রিকাটির বিরুদ্ধে এই ইস্যুতে কোনো মামলা করা হলে তা আইন সম্মত হবে না।'' পত্রিকাটি যাতে কোনো সংকটে না পড়ে সেজন্য তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৭১৬ঘ.