২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ থাকায় ওবায়দুল কাদেরকে আদালতে হাজির করা হয়নি

কর ফাঁকির মামলায় আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ হয়ে পিজি হাসপাতালে ভর্তি থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2007, 05:08 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির মামলায় আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ হয়ে পিজি হাসপাতালে ভর্তি থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি। এছাড়া তার স্ত্রী ইশরাতুন্নেছার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবেদন ফেরত না আসায় জাতীয় রাজস্ব বোর্ডের দায়ের করা পৃথক দুই মামলায় আগামি ১৫ আগস্ট পুনরায় দিন ধার্য করা হয়েছে। রোববার ঢাকার বিশেষ বিভাগীয় জজ মো. আজিজুল হক এ আদেশ দেন। ৭ আগস্ট ওবায়দুল কাদের ও তার স্ত্রী ইশরাতুন্নেছার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে বাদি হয়ে পৃথক দুই মামলা দায়ের করেছিলেন সহকারী কর কমিশনার নিগার সুলতানা। অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ওবায়দুল কাদের বর্তমানে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছে। এদিকে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ও তার শ্যালক আমিন বাদলের বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের দুর্নীতি মামলায় পলাতক হারিছের অস্থাবর সম্পত্তি ক্রোক সংক্রান্ত প্রতিবেদন আদালতে পৌঁছেছে। প্রতিবেদনে হারিছের ক্রোক করার মত কোনো অস্থাবর সম্পত্তি নেই বলে উল্লেখ করা হয়। বিচারক মো. আজিজুল হক তাকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের জন্য ও সে সম্পর্কে প্রতিবেদন দাখিলের জন্য ১৫ আগস্ট দিন ধার্য করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২২৫৫ ঘ.