ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পেরোলে মুক্তি না দিয়ে শেখ হাসিনাকে বিশেষ কারাগার থেকে বের করে এনে অসুস্থ স্বামী ড. ওয়াজেদ মিয়ার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার সম্ভাব্যতা খতিয়ে দেখছে কারা কর্তৃপক্ষ।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো: জাকির হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে শুক্রবার বলেন," কারা বিধি অনুযায়ী কোনও বন্দিকে কারাগারের বাইরে নিয়ে কোনও রোগীকে দেখিয়ে আনার নিয়ম নেই। তবে সরকার পরিবেশ অনুকূল মনে করলে মানবিক দিক বিবেচনা করে বিশেষ ব্যবস্থায় তা করতে পারে।"
তিনি বলেন," সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে বেশী গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকার চাচ্ছে না অসুস্থ স্বামীকে দেখা করার জন্য আনা নেওয়ার সময় কেউ কোনও বিড়ম্বনার মুখোমুখি হন।"
জাকির হাসান বলেন, " এধরনের পরিস্থিতি এড়াতে যা করার গোপনেই তা করা হবে।" তবে 'গোপন' ব্যবস্থাটা কি তা পরিষ্কার করেননি কারা প্রধান।
কারা উপ মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দীকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে শুক্রবার বলেন, " সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অসুস্থ স্বামী ড.ওয়াজেদকে দেখার অনুমতি চেয়ে যে আবেদন করেছেন তা স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে শুক্রবার পর্যন্ত এর কোনও জবাব আসেনি। তবে জবাব আসার বিষয়টি জরুরি নয়। কারা কর্তৃপক্ষ মনে করলে সাক্ষাতের সুযোগ সৃষ্টি করতে পারে।"
নাম প্রকাশ না করার শর্তে এক কারা কর্মকর্তা বলেন," শেখ হাসিনা এবং ড.ওয়াজেদের সাক্ষাতের সুযোগ সৃষ্টির জন্য কৌশল খোঁজা হচ্ছে। এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের লিখিত অনুমোদনের বিষয়টি জরুরি নয়।"
ওই কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে ছেলে তারেক রহমানের কৌশলে সাক্ষাতের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বলেন," এক্ষেত্রে দু'জনের কেউ সাক্ষাতের জন্য কোনও আবেদন করেননি।"
তিনি জানান, রক্ত বা অন্য কোন পরীক্ষার কথা বলে হাসিনাকে কারাগারের বাইরে স্কয়ার হাসপাতালে নেওয়া হতে পারে। সেখানেই অসুস্থ স্বামীকে দেখার সুযোগ করে দেওয়া হবে। তাছাড়া ড.ওয়াজেদকে অন্য কোন হাসপাতালে বিশেষ ব্যবস্থায় নেওয়ার পর সেই হাসপাতালে শেখ হাসিনাকেও নেওয়া হতে পারে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএনএ/১৯০০ ঘ.
bdnews24