ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ছাত্রদল নেতাদের সঙ্গে টেলি কনফারেন্সে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া বক্তব্য 'দুঃখজনক' -- মন্তব্য করেছেন দলের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া।
মান্নান ভূঁইয়া শুক্রবার দুপুরে গুলশানের বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন।
মঙ্গলবার রাতে চাঁদপুরের কাঁচপুর ছাত্রদল নেতাদের সঙ্গে এক টেলি- কনফারেন্সে বিএনপির সংস্কারবাদীদের নেতা হিসেবে পরিচিত হয়ে ওঠা আবদুল মান্নান ভূঁইয়াকে দলের 'আর্দশচ্যুত বাম নেতা' অভিহিত করে তার কঠোর সমালোচনা করেন খালেদা জিয়া।
শুক্রবার এ বিষয়ে মান্নান ভূঁইয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, "টেলি কনফারেন্সে চেয়ারপারসন যেসব মন্তব্য করেছেন, তা অনভিপ্রেত, দুঃখজনক ও অনাকাঙ্খিত। আমি আশা করব, দলের বৃহত্তর ঐক্যের স্বার্থে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে তিনি বিরত থাকবেন ।''
দলের কাউন্সিল প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, "কাউন্সিল অনুষ্ঠানের প্রাথমিক প্রস্তুতি চলছে। বন্যার কারণে কিছুটা সমস্যা হচ্ছে। তবে প্রাথমিক প্রস্তুতি শেষ হলেই অনুমতি নেওয়ার জন্য চেয়ারপারসনের সঙ্গে কথা বলব।"
বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানানোর পাশাপাশি বন্যা মোকাবেলায় সরকারের কাছে ৬ দফা সুপারিশ উত্থাপন করেন মান্নান ভূঁইয়া। এ ব্যাপারে সরকারকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহবানও জানিয়েছেন তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এসকে /১৫৫৮ ঘ.
bdnews24