ঢাকা, জুলাই ৩১ (বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত প্রাঙ্গণে অসম্মান করার কোন তথ্যপ্রমাণ পাওয়া যায়নি পুলিশের তদন্তে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও তদন্ত কমিটির প্রধান মো. মনিরুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
তিন সদস্যের কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, তারা ঘটনার দিন কর্তব্যরত পুলিশ সদস্যদের জবানবন্দি নেন। একই সঙ্গে বিভিন্ন টেলিভিশনের ভিডিও ফুটেজ এবং দৈনিক প্রত্রিকার আলোকচিত্র দেখেন। কিন্ত সাবেক প্রধানমন্ত্রীকে পুলিশ কোন রকম অসম্মান করেছে এমন কোন তথ্যপ্রমাণ কোথাও পাওয়া যায়নি।
কমিটির বাকি দুই সদস্য হচ্ছেন এআইজি (ক্রাইম) জহিরুল ইসলাম এবং উপপুলিশ কমিশনার আব্দুল মালেক।
প্রায় তিন কোটি টাকা চাঁদাবাজির মামলায় গত ১৬ জুলাই গ্রেপ্তারের পর নিু আদালত প্রাঙ্গণে শেখ হাসিনাকে পুলিশ টানাহেঁচড়া ও অসম্মান করে বলে অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে গত ২২ জুলাই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটি গঠনের ব্যাপারে মহা-পুলিশ পরিদর্শক নূর মোহাম্মদ কয়েকদিন আগে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "কেউ আমার কাছে ওই ব্যাপারে (হাসিনাকে অসম্মান করা) কোন অভিযোগ করেননি। তবুও আমি নিজ উদ্যোগে তদন্ত কমিটি গঠন করেছি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএইচবি/২৩২৭ ঘ.
bdnews24