ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি মামলায় আটক শেখ হাসিনা জামিন পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের। শেখ হাসিনার জন্য ফুল নিয়ে বিশেষ কারাগারের সামনে যান অনেকে। কারাগারের সামনের রাস্তায় একটি বাস থামিয়ে যাত্রীদের মিষ্টিমুখও করানো হয়।
সোমবার দুপুরে রায়ের সময় আদালতে উৎসুক নেতাকর্মী ও জনতার ভিড় দেখা যায়। এদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, দলের নেতা মোস্তফা জালাল মহিউদ্দিন, কৃষক লীগ সভাপতি মীর্জা আব্দুল জলিল ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ডা. দিপু মণি। রায়ের পর নেতাকর্মীরা এসে ভিড় করতে থাকেন জাতীয় সংসদভবন এলাকার বিশেষ কারাগারের ফটকে, যেখানে শেখ হাসিনাকে রাখা হয়েছে।
দলীয় নেতাকর্মীরা কেউ ফুল,কেউ মিষ্টির প্যাকেট নিয়ে কারাগারের ফটকে সামনে আসেন। পরিচিত দলীয় কর্মীদের জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।
বিকেল সাড়ে ৪ টার দিকে কৃষক লীগের সভাপতি মির্জা আব্দুল জলিলের নেতৃত্বে ৩০-৩৫ জন নেতাকর্মী বিশেষ কারাগারের সামনে আসেন। তারা একে অপরকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করেন। সেখানে দলের সভানেত্রীর জন্য দোয়া পাঠ শেষে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় সচিবালয়ের কর্মচারী-কর্মকর্তাদের বহনকারী একটি বাস থামিয়েও যাত্রীদের মিষ্টিমুখ করানো হয়।
ঘণ্টাখানেক পর ৫ টা ২৫ মিনিটে অ্যাডভোকেট সাহারা খাতুন ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নেতৃত্বে ২৫-৩০ জন আইনজীবী বিশেষ কারাগারের ফটকে আসেন। শেখ হাসিনার স্বাক্ষর নেওয়ার জন্য দুটি ওকালতনামা নিয়ে এসেছিলেন তারা। সন্ধ্যা ৬টার দিকে কারারক্ষী মোতালেব হোসেন ওকালতনামা দুটি কারাগারের ভেতরে নিয়ে যায়।
এ সময় ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের বলেন, "তেজগাঁও থানায় নূর আলীর দায়ের করা চাঁদাবাজি মামলা এবং সোমবার জামিন পাওয়া মামলায় সরকার পক্ষ যদি উচ্চ আদালতে আপিল করে সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্যই ওকালত নামায় শেখ হাসিনার সই নেওয়ার প্রয়োজন।"
সাহারা খাতুন রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, "আমরা প্রাথমিক বিজয় পেয়েছি।"
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সব মামলা ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে তিনি বলেন, "শিগগিরই এসব মামলা মিথ্যা প্রমাণ করে শেখ হাসিনাকে মুক্ত করে আনবো।"
কিছুক্ষণ পর অ্যাডভোকেট রহমত আলী আইনজীবীদের এই দলটির সঙ্গে যোগ দেন।
এদিকে ওকালতনামা দুটি কারাগারের ভেতরে নিয়ে গেলেও তাতে সই করিয়ে কখন আইনজীবীদের কাছে ফেরত দেওয়া হবে সে ব্যাপারে কিছু জানায়নি কারা কর্তৃপক্ষ। তবে বিশেষ কারাগার এলাকার দায়িত্বে থাকা সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সাংবাদিকদের জানান, মঙ্গলবার ওকালতনামা দুটি আইনজীবীদের হাতে দেওয়া হতে পারে।
সন্ধ্যা সোয়া ৬টার দিকে আইনজীবীরা ওই এলাকা থেকে চলে গেলেও দলীয় নেতাকর্মী ও উৎসুক জনতার ভিড় ছিল তখনও। মিষ্টি বিতরণ আর আনন্দ প্রকাশ চলছিল। সন্ধ্যা সাতটার দিকে আওয়ামী লীগ সভানেত্রীর বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ ও ব্যক্তিগত সহকারী খালিদ মাহমুদ চৌধুরী দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের পক্ষ থেকে ফুলের তোড়া বিশেষ কারাগারের ফটকে পৌঁছে দেন।
সোমবার দুপুরে আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলায় শেখ হাসিনার জামিনের আদেশ দেন বিচারপতি শাহ আবু নইম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। সেই সঙ্গে এ মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করা কেন বেআইনি হবে না তার কারণ ব্যাখ্যা করতে সরকারকে দুই সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন তারা।
অবশ্য ব্যবসায়ী নূর আলীর দায়ের করা আরেকটি চাঁদাবাজির মামলায় রোববার গ্রেপ্তার দেখানোয় এখনই মুক্তি পাচ্ছেন না শেখ হাসিনা।
আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে রোববার হাসিনার পক্ষে দায়ের করা রিট আবেদনের শুনানি সোমবার দুপুর ২টার পর শুরু হয়। এসময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখক নেতাকর্মী আদালত অঙ্গনে ভিড় জমান। এদের মধ্যে ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, দলের নেতা মোস্তফা জালাল মহিউদ্দিন, কৃষক লীগ সভাপতি মীর্জা আব্দুল জলিল ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ডা. দিপু মণি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএইচএস/জেকে/এমএইচবি/২১৩৬ ঘ.
bdnews24