ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে এবং বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমানের সঙ্গে সোমবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার আত্মীয়-স্বজনরা দেখা করেছেন।
তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকারীরা হলেন তার নানী বেগম তৈয়বা মজুমদার, স্ত্রী ড. জোবায়দা রহমান এবং জোবায়দার বড় বোন শাহিনা খান বিন্দু।
একটি সাদা রংয়ের গাড়িতে বিকেল ছয়টায় তারেক রহমানের স্বজনরা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে এসে পৌঁছান। তারা তারেকের জন্য কিছু শুকনো খাবার এবং বইপত্র নিয়ে আসেন। পরে তারা জেল সুপার শফিকুল ইসলামের কক্ষে তারেক রহমানের সঙ্গে প্রায় আধা ঘন্টা কথা বলেন। এ সময় একজন কারা কর্মকর্তা এবং পুলিশের বিশেষ শাখার (সিটি এসবি) একজন সদস্য সেখানে উপস্থিত ছিলেন।
আত্মীয়দের সাক্ষাত শেষে তারেক রহমানের আইনজীবী আহম্মেদ আজম খান সাংবাদিকদের বলেন, "আজ আমার দেখা করার অনুমতি ছিল না। এ কারণে আমি পাশের কক্ষে ছিলাম।"
তিনি বলেন, "একজন ডিভিশনপ্রাপ্ত আসামির সঙ্গে তার আত্মীয়-স্বজনরা পনেরো দিন পর পর দেখা করতে পারেন। রুটিন সাক্ষাত হিসেবেই তারেক রহমানের সঙ্গে তার আত্মীয়রা দেখা করতে এসেছিলেন।"
অপর এক প্রশ্নের জবাবে অ্যাডভোকেট আজম বলেন, "তারেক জিয়া এবং জোবায়দা রহমানের সম্পদের হিসাব জমা দেওয়ার কাজ চলছে। আগামী ৭ আগস্ট নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা দুদকে এ হিসাব জমা দিতে পারবো বলে আশা করছি।"
এর আগে সর্বশেষ গত ১৫ জুলাই তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু কারাগারে দেখা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে ২০৫২ ঘ.
bdnews24