ঢাকা,জুলাই ( বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সম্পত্তির হিসাব জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর আবেদন বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষ দুর্নীতি দমন কমিশনে পাঠিয়েছে।
উপ-মহা কারা পরিদর্শক শামসুল হায়দার সিদ্দিকী বিডি নিউজ টুয়েন্টি ফোর ডটকমকে বলেন, বিশেষ কারাগারে বন্দি শেখ হাসিনার স্বাক্ষরিত একটি আবেদন বিশেষ বাহক মারফত দুর্নীতি দমন কমিশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই আবেদনে শেখ হাসিনা সম্পত্তির হিসাব দেওয়ার জন্য বেঁধে দেওয়া ৭ দিনের সময়ের চেয়ে অতিরিক্ত এক সপ্তাহ সময় চেয়েছেন।
মঙ্গলবার শেখ হাসিনার ব্যক্তিগত আয়কর আইনজীবী খন্দকার মনিরুজ্জামান কারাগারে শেখ হাসিনার সঙ্গে দেখা করে স্বাক্ষরের জন্য আবেদনপত্রটি দিয়ে আসেন।
এদিকে শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য বৃহস্পতিবার ব্যারিষ্টার তৌফিক নেওয়াজ এবং অ্যাডভোকেট আনিসুল হক কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। তাদের এ আবেদন ওইদিনই পুলিশের বিশেষ শাখার (এসবি) কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারা কর্তৃপক্ষ জানায়, শেখ হাসিনার অনুমতি পাওয়ার পর তা এসবির কাছে দেওয়া হয়েছে। এখন এসবির অনুমতি পাওয়া গেলেই আওয়ামী লীগ নেত্রীর সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে ২১৩৫ ঘ.
bdnews24