ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভারত সরকারের বাণিজ্য প্রতিমন্ত্রী জয়রাম রমেশ দুই দিনের বাংলাদেশ সফরে শনিবার সন্ধ্যায় ঢাকা পৌঁছেছেন।
ভারতীয় হাই কমিশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, রোববার সকালে তিনি নবগঠিত ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (আইবিসিসিআই) এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
দুই দেশের বাণিজ্য সম্পর্কের উন্নয়নে চলতি বছরের ফেব্র"য়ারি মাসে আইবিসিসিআই গঠন করা হয়। সংগঠনটির সভাপতির দায়িত্বে রয়েছেন আব্দুল মাতলুব আহমেদ ও সম্পাদক হিসেবে থাকছেন শ্যামল ঘোষ। এছাড়া ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন আব্দুল ওয়াহেদ।
কোষাধ্যক্ষ আব্দুল ওয়াহেদ শনিবার টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুই দেশের বাণিজ্য সম্পর্কের উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য এই চেম্বার একটি ফোরাম হিসেবে কাজ করবে।"
জয়রাম রমেশ তার সফরকালে কয়েকজন উপদেষ্টার সঙ্গে দেখা করবেন বলে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/টিএইচ/জেকে/১৯৫৬ ঘ.
bdnews24