২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসের রহমান আরও পাঁচ দিনের রিমান্ডে

সম্পত্তির বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে নাসের রহমানকে আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 03:32 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে নাসের রহমানকে আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে গত ১১ জুলাই একই মামলায় তাকে পাঁচদিনের রিমান্ডে নেয় দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার বিকেলে পাঁচ দিনের রিমান্ড শেষে নাসের রহমানকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে কমিশনের সহকারী পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী আরও সাত দিনের রিমান্ড চান। মহানগর হাকিম জগন্নাথ দাস খোকন শুনানি শেষে নাসের রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড প্রতিবেদনে বলা হয় নাসের রহমান ও তার স্ত্রী রেজিনা নাসের অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে সঙ্গতিহীন ৬ কোটি ২৩ লাখ ৩৭ হাজার ৪শ ৩৫ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া দাখিল করা বিবরণীতে ২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার ২শ ২৯ টাকার হিসাব গোপন করেন তারা। এই টাকার উৎস জানা এবং তিনি কত টাকা বিদেশে পাচার করেছেন তা খতিয়ে দেখার জন্য নাসের রহমানকে আবার রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে জানান তদন্ত কর্মকর্তা। গত ২৭ মে গুলশান থানায় মামলাটি দায়ের করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/