ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তির দাবিতে সারাদেশে প্রতিবাদ ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। রংপুরে বৃহস্পতিবার আধাবেলা হরতালের ডাক দিয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, হাসিনার মুক্তির জন্য আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তারা।
এদিকে বুধবার দুপুর থেকে সাড়ে তিন ঘণ্টা অপেক্ষা করেও বিশেষ কারাগারে আটক শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি তার নিকট আত্মীয়রা। দুপুর পৌণে দুইটা থেকে সংসদ ভবন চত্বরে কারাগারের বেষ্টনীর বাইরে অপেক্ষা করেন তারা। তবে হাসিনার জন্য তাদের আনা শুকনো খাবার ও কাপড় পৌঁছে দিয়েছে কারা কর্তৃপক্ষ।
হাসিনার মুক্তির জন্য আইনি লড়াইয়ের প্রস্তুতির কথা জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বুধবার সাংবাদিকদের বলেন, ''হাসিনার বিরুদ্ধে মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় নেওয়ার কারণে জামিনের আবেদন করা যাচ্ছে না। তবে আইনজীবীরা তার জামিনের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। আইনি লড়াইয়ের সব খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি শেখ হাসিনার মুক্তির জন্য আলাদা কর্মসূচিও দেওয়া হবে।''
অন্যদিকে গুলশান থানায় দায়ের করা যে চাঁদাবাজির মামলায় শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছে তার ৮০ শতাংশ তদন্ত কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন মামলাটির তদন্তকারী ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক। বুধবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শিগগিরই হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চাওয়া হবে।
বুধবারও দেশের বিভিন্ন জেলা থেকে শেখ হাসিনার মুক্তির দাবিতে বিক্ষোভের খবর পাওয়া গেছে।
রংপুরে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা রংপুর শহরে মিছিল বের করে। বিকাল ৪টার দিকে জাহাজ কোম্পানির মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। মিছিল থেকে শেখ হাসিনার মুক্তি দাবিতে স্লোগান দেওয়া হয়। একইসঙ্গে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালনের জন্য জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়ে লিফলেটও বিতরণ করে তারা।
পটুয়াখালীতে সকাল আটটার দিকে জেলা যুবলীগ কার্যালয় থেকে মিছিল বের করেন দলের নেতাকর্মীরা। মিছিলটি সদর রোড হয়ে আদালত পাড়ায় গিয়ে শেষ হয়। গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা ক্লাশ বর্জন করে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পাশের গোপালপুর বাজারে গিয়ে শেষ হয়। হাসিনার মুক্তি দাবিতে কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাজারের ব্যবসায়ীরা তাদের দোকানপাট সারাদিনই বন্ধ রাখেন। কাশিয়ানী ও টুঙ্গিপাড়া উপজেলার বেশ কয়েকটি স্কুলে ছাত্রলীগের আহবানে ছাত্র ধর্মঘট পালিত হয়।
এদিকে রাজধানীতে বুধবার দুপুর পৌণে দুইটা থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টা অপেক্ষা করেও বিশেষ কারাগারে আটক শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি তার নিকট আত্মীয়রা।
শেখ হাসিনা সঙ্গে আত্মীয়দের দেখা করতে না দেওয়ার কারণ জানতে চাইলে বিকেলে উপ মহা কারা পরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত তার সঙ্গে কোনো আত্মীয়কে দেখা করার সুযোগ দেওয়া সম্ভব নয়।
বিকেল চারটা পর্যন্ত শেখ হাসিনার আত্মীয়দের বিশেষ কারাগারের বেষ্টনীর বাইরে অপেক্ষা করতে দেখা গেছে।
দুপুরে শেখ হাসিনার আত্মীয় প্রয়াত শেখ ফজলুল হক মনির ছোট ছেলে ব্যারিস্টার তাপস সাংবাদিকদের বলেন, "সম্পত্তির হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের পাঠানো নোটিশসহ বিভিন্ন বিষয়ে তার (হাসিনার) সঙ্গে দেখা করতে এসেছি। এখনো দেখা পাইনি।"
হাসিনার বিরুদ্ধে দায়ের করা মমলা প্রসঙ্গে তাপস বলেন, "জরুরি বিধিমালার আওতায় আনা মামলাটি সাজানো ও মিথ্যা। জরুরি অবস্থার ভেতরে এই মামলায় সঠিক বিচার পাওয়া যাবে না।"
তিনি জানান, সঙ্গে আনা কিছু শুকনো খাবার শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ কারাগার কর্তৃপক্ষের হাতে দিয়েছেন তিনি।
তাপস ছাড়াও শেখ পরশ (শেখ ফজলুল হক মনির বড় ছেলে), সুলতানা শেখ (শেখ ফজলুল করিম সেলিমের বোন), সেলিমা খাতুন (ড. ওয়াজেদ মিঞার ভাগ্নি), আওয়ামী লীগ সভানেত্রীর ব্যক্তিগত সহকারি ড. হাসান মাহমুদ, ব্যক্তিগত কর্মকর্তা আক্তার হোসেন, খালিদ মাহমুদ ও আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলামকেও হাসিনার সঙ্গে দেখা করার জন্য বিশেষ কারাগারের বেস্টনীর বাইরে অপক্ষো করতে দেখা যায়।
এক প্রশ্নের জবাবে ড. হাসান মাহমুদ বলেন, "আমরা নিয়মমাফিক সম্পত্তির হিসাব বিবরণী দেব। তবে শেখ হাসিনা অন্তরীণ হওয়ার পর কমিশনের এই হিসাব চাওয়ায় বিষয়টি আমাদের কাছে রহস্যজনক বলে মনে হয়েছে।"
ড. হাসান অভিযোগ করেন, শেখ হাসিনার সঙ্গে দেখা করা যাবে কিনা উপ মহা কারা পরিদর্শক তা আধ ঘণ্টার মধ্যে জানানোর প্রতিশ্র"তি দিলেও তা তিনি রাখেননি।
বিকেলে নাটোরের গুরুদাশপুর থেকে ইকবাল ও রাশেদুল হাসান রাসু নামের দুই আওয়ামী লীগ কর্মী শেখ হাসিনার জন্য ৭ ইঞ্চি একটি সাদা-কালো টেলিভিশন নিয়ে বিশেষ কারাগারে আসেন। তারা সাংবাদিকদের বলেন, ''পত্রিকায় দেখেছি, আমাদের নেত্রীকে টিভি দেওয়া হয়নি। তাই এটা কিনে নিয়ে এসেছি।''
কারা কর্তৃপক্ষ টিভিটি গ্রহণ করেনি বলে জানান তারা।
কারা কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল, শেখ হাসিনার কক্ষে একটি টিভি রয়েছে এবং তাতে কেবল বিটিভি দেখার সুযোগ রয়েছে।
প্রসঙ্গত গুলশান থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় পুলিশ গত রোববার সকালে শেখ হাসিনাকে সুধা সদন থেকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এসএম/এসকে/এমএইচবি/জেকে/২২৩৮ ঘ.
bdnews24