ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষায় রাষ্ট্রপতির অধীনে সবসময়ের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় রাখার প্রস্তাব করেছেন।
মঙ্গলবার মগবাজারে এলডিপি কার্যালয়ে চট্টগ্রাম ও খুলনা বিভাগের নেতাদের সঙ্গে দলীয় সংস্কার নিয়ে মতবিনিময়ের সময় তিনি এই প্রস্তাব দেন।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, প্রচলতি পদ্ধতিতে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত। এজন্য প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনার উদ্যোগ নিতে হবে। রাষ্ট্রপতির শতকরা ১০ ভাগ কোটায় পদস্থ কর্মকর্তাদের নিয়োগ দেয় প্রধানমন্ত্রীর সচিবালয়। এসব ক্ষমতার অবসান করতে হবে।
অধ্যাপক বি. চৌধুরী নির্বাচন কমিশন ঘোষিত কর্মপরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেন, রাজনৈতিক পরিস্থিতির উন্নয়নে এটি একটি শুভ উদ্যোগ। আমরা আশা করব কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশবাশীকে উপহার দেবে।
শেখ হাসিনাকে গ্রেপ্তার সম্পর্কে পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। তবে সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মতো মর্যাদাবান ব্যক্তিদের আইনের আওতায় আনতে হলে গ্রেপ্তারের বিকল্প কিছু চিন্তা করতে হবে।
মতবিনিময় সভায় আব্দুল মান্নান, ডা. আবু মোজাফফর আহমেদ, মাহী বি. চৌধুরী প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/২১১৪ ঘ.
bdnews24