২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মাইনাস টু' ফর্মুলা কার্যকর করতেই এই গ্রেপ্তার: আ'লীগ

শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘটনা সরকারের পরিকল্পিত ষড়যন্ত্র বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেছেন, "মাইনাস টু' ফর্মুলা সরকারের মাথা থেকে এসেছে। এরই অংশ হিসাবে দু'নেত্রীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে।" সোমবার দুপুরে গুলশানে নিজ বাসভবনে জিল্লুর রহমান সাংবাদিকদের আরও বলেন, "শেখ হাসিনা কোনো সাধারণ মানুষ নয়। তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আদালতে তলব করা যেত। কিন্তু সেটি না করে উদ্দেশ্যমূলকভাবে জনবিচ্ছিন্ন করার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2007, 09:12 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাকে গ্রেপ্তারের ঘটনা সরকারের পরিকল্পিত ষড়যন্ত্র বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেছেন, "মাইনাস টু' ফর্মুলা সরকারের মাথা থেকে এসেছে। এরই অংশ হিসাবে দু'নেত্রীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে।" সোমবার দুপুরে গুলশানে নিজ বাসভবনে জিল্লুর রহমান সাংবাদিকদের আরও বলেন, "শেখ হাসিনা কোনো সাধারণ মানুষ নয়। তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আদালতে তলব করা যেত। কিন্তু সেটি না করে উদ্দেশ্যমূলকভাবে জনবিচ্ছিন্ন করার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে।" শেখ হাসিনার দ্রুত মুক্তি দাবি করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। তিনি বলেন, "তিনি (হাসিনা) অঘোষিতভাবে নজরবন্দিই ছিলেন। কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি তাকে গ্রেপ্তার করা হবে। এই ঘটনায় দেশবাসী বিক্ষুব্ধ। জনগণ একে সহজভাবে মেনে নেবে না।" আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দেশবাসীকে দিশেহারা না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সভাপতিমণ্ডলীর বৈঠক থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, দুপুর পর্যন্ত সৈয়দা সাজেদা চৌধুরী ও বেগম মতিয়া চৌধুরী ছাড়া সভাপতিমণ্ডলীর কোনো সদস্যই তার সঙ্গে যোগাযোগ করেননি বলেও তিনি জানান। জিল্লুর রহমান কথা বলার পর ওই ভবনের নিচ তলায় সাংবাদিকদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাজেদা চৌধুরী বলেন, "আমরা এ ঘটনায় বিস্মিত, দুঃখিত ও মর্মাহত। আমরা উচ্চ আদালতে গিয়ে এর প্রতিকার চাইব।" এদিকে, সিঙ্গাপুরে অবস্থানরত আরেক আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুকে টেলিফোন করা হলে তিনি বলেন, "আগে সব কিছু বুঝে নিই তারপর প্রতিক্রিয়া দেব।" সকাল সোয়া আটটায় আব্দুর রাজ্জাকের বাসায় টেলিফোন করা হলে সেখান থেকে জানানো হয়, তিনি বাইরে গেছেন। তোফায়েল আহমদ টেলিফোনে কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হননি। অন্যদিকে শেখ হাসিনার গ্রেপ্তারের ঘটনাকে অনাকাক্সিক্ষত আখ্যায়িত করেছেন আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরী। সোমবার সকালে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এটা কেউ মেনে নেবে না। রাজনৈতিক হয়রানির জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। মতিয়া চৌধুরী আরও বলেন, "যখন সংস্কারের জিগির উঠেছে তখনই আওয়ামী লীগ সভানেত্রীকে গ্রেফতার করা হলো। কারণ, শেখ হাসিনা স্বাধীনভাবে চলাফেরা করলে সংস্কারবাদীরা ঠাঁই পাবে না। সংস্কারের সঙ্গে এই আটকের সম্পর্ক রয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএনএ/এসএনডি/১৫০০ ঘ.