রাজশাহী, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফের ডটকম)- সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
রাজশাহী দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মনিরুল হক জানান, কমিশনের সচিব স্বাক্ষরিত ওই নোটিশটি বুধবার ঢাকা থেকে রাজশাহীতে পৌঁছায়। সকালে কমিশনের রাজশাহী অফিসের মাঠ কর্মকর্তা আমিনুল ইসলাম ও ঢাকা অফিসের কনস্টেবল খায়রুল আনাম নোটিশটি ব্যারিস্টার আমিনুল হককে পৌঁছে দিতে গোদাগাড়ী যান। কিন্তু তাকে বাসায় না পেয়ে নোটিশটি বাসার দরজায় টাঙিয়ে দিয়ে আসেন তারা। ওই নোটিশে ব্যারিস্টার আমিনুল, তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের সম্পদের হিসাব আগামী ৭ দিনের মধ্যে কমিশনে জমা দিতে বলা হয়েছে।
স্থানীয়রা জানান, ব্যারিস্টার আমিনুল গত ১১ জানুয়ারির পর থেকে এলাকায় আসেননি।
যৌথ বাহিনী গোদাগাড়ী ও রাজশাহীতে একাধিকবার অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করতে পারেনি।
তার বিরুদ্ধে জঙ্গি তৎপরতায় মদদদানমহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফের ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২৩০১ ঘ.
bdnews24