ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নাচোলের ৫ হাজার কৃষকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি বলেছেন, বর্তমান সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির রাশ টানতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি নিরাপত্তা হেফাজতে মৃত্যুর ঘটনাও সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
শনিবার শেখ হাসিনার প্রেসসচিব আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, যে কোনও সরকারের দায়িত্ব হচ্ছে কৃষকদের সহায়তা করা। সার, বীজ ও কীটনাশক সরবরাহ নিশ্চিত করা। ন্যায্য দামে সার চাওয়ার অপরাধে কৃষকদের বিরুদ্ধে মামলা কোনও যুক্তিতেই সমর্থনযোগ্য হতে পারে না। তেমনিভাবে নিরাপত্তা হেফাজতে বা জেলখানায় কারও মৃত্যুও সমর্থনযোগ্য নয়; তা অসাংবিধানিক ও অমানবিক।
শেখ হাসিনা বলেন, সঙ্কটের কারণে কৃষক বীজতলায় সার দিতে পারছে না। সামনের দিনগুলোতে সারের চাহিদা আরও বাড়বে। জরুরি ভিত্তিতে সারের সরবরাহ নিশ্চিত না করা হলে খাদ্য উৎপাদন ব্যাহত হবে এবং দ্রব্যমূল্য বাড়বে।
গত বুধবার চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সার নিতে আষা কৃষকরা উপজেলা পরিষদ ভবনে ব্যাপক ভাংচুর চালায়। ওই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে নাম উল্লেখ না করে ৫ হাজার কৃষককে আসামী করে একটি মামলা হয়।
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা জিনিসপত্রের মূল্যবৃদ্ধির লাগাম টেনে ধরা, গরিব মানুষকে দুবেলা ভাত খাওয়ার সুযোগ করে দেওয়া। দুঃখজনক হলেও সত্যি সরকার মানুষের এই ন্যূনতম চাহিদা পূরণ করতে পারছে না। বিগত সরকারের সময়ে গড়ে ওঠা সিন্ডিকেট এখনও বহাল তবিয়তে আছে।
শেখ হাসিনা অবিলম্বে সার সরবরাহ নিশ্চিত, বিদ্যুৎ সমস্যার সমাধান ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমআই/২১০২ ঘ.
bdnews24