২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমানকে কারাগারের গেটে জিজ্ঞাসাবাদ

বিএনপির সিনিয়র যুগ্ম--মহাসচিব তারেক রহমানকে মঙ্গলবার টাস্কফোর্সের সদস্যরা জেল গেটে জিজ্ঞাসাবাদ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2007, 01:32 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিএনপির সিনিয়র যুগ্ম--মহাসচিব তারেক রহমানকে মঙ্গলবার টাস্কফোর্সের সদস্যরা জেল গেটে জিজ্ঞাসাবাদ করেছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকের ভেতর একটি কক্ষে টাস্কফোর্সের সদস্যরা বিকেল চারটা থেকে সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত একটানা তাকে জিজ্ঞাসাবাদ করেন। কারা কর্তৃপক্ষ জানায়, জাতীয় গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির (টাস্কফোর্স) তিন সদস্য বিকেল পৌনে চারটায় কারাগারের প্রধান ফটকে আসেন। এরা হলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ--পরিচালক জহুরুল হুদা, আয়কর কর্মকর্তা আব্দুস সামাদ আল--আজাদ এবং মেজর রেদোয়ান আহম্মেদ খান। কারা উপ--মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, টাস্কফোর্সের সদস্যরা বিকেল চারটা থেকে কারাগারের প্রধান ফটকের ভেতরে চিকিৎসকদের কক্ষে তারেক রহমানকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এর আধঘন্টা পর তারেক রহমানের আইনজীবী অ্যাডভোকেট আহম্মেদ আজম খান সেখানে উপস্থিত হন। জিজ্ঞাসাবাদ শেষে পৌনে ছয়টায় টাস্কফোর্সের সদস্যরা কারাগার থেকে বের হয়ে যান। জিজ্ঞাসাবাদকারী দলের সদস্য জহুরুল হুদা সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারেক রহমান কমিশনে সম্পত্তির যে হিসাব জমা দিয়েছেন তার সত্যতা যাচাই ও অনুসন্ধানের জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। এর বেশি কিছু আমার পক্ষে জানানো সম্ভব না " জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত তারেক রহমানে আইনজীবী আহম্মেদ আজম খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারেক রহমান সম্পদের যে হিসাব বিবরণী দুদকে জমা দিয়েছেন সে ব্যাপারে টাস্কফোর্সের সদস্যরা তার সঙ্গে খুঁটিনাটি আলোচনা করেছেন। অত্যন্ত খোলামেলাভাবে তাদের মধ্যে আলোচনা হয়েছে।" সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান টাস্কফোর্সের সদস্যদের আন্তরিকভাবে সহায়তা করার চেষ্টা করেছেন বলেও তার আইনজীবী জানান। এর আগে ১ জুলাই টাস্কফোর্সের সদস্যরা ধানমন্ডির মাহবুব ভবনে গিয়ে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবালমান্দ বানুকে জিজ্ঞাসাবাদ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/১৯২২ ঘ.