ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চেয়ারপারসন খালেদা জিয়া কাউন্সিলের অনুমতি না দিলে বিকল্প পথে হাঁটবেন বিএনপির কথিত সংস্কারপন্থীরা।
দলের সহসভাপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, "কাউন্সিল করার অনুমতি নিতে মহাসচিব মান্নান ভূঁইয়া চেয়ারপারসনের কাছে যাবেন। তিনি অনুমতি না দিলে বিকল্প ব্যবস্থা বিবেচনা করা হবে।"
আব্দুল মান্নান ভূঁইয়ার সঙ্গে মঙ্গলবার দুপুরে তার গুলশানের বাসায় সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। তবে ওই বিকল্প পথ কী হবে, সে বিষয়ে কিছু বলেননি তিনি।
হাফিজ উদ্দিন আরও জানান, চেয়ারপারসনের বরাত দিয়ে মহাসচিব সম্পর্কে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে সে বিষয়ে দু'একদিনের মধ্যেই মান্নান ভূঁইয়া গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।
সোমবার নিউইয়র্কের বাংলা কয়েকটি পত্রিকায় প্রকাশিত সংবাদে বলা হয়, মহাসচিবের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণের অবকাশ রয়েছে বলে খালেদা জিয়া টেলিফোন সাক্ষাৎকারে জানিয়েছেন।
মঙ্গলবার সকাল থেকে গুলশানে মান্নান ভূঁইয়ার বাসায় বরিশাল, পুটয়াখালী, ময়মনসিংহ, গাজীপুর, সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, বগুড়া, রাজশাহী, নারায়ণগঞ্জ ও কুমিল্লা জেলার দলীয় সাবেক সাংসদ ও তৃণমূল নেতারা দেখা করেন।
মান্নান ভূঁইয়ার বাসা থেকে বের হওয়ার পর হাফিজ উদ্দিন আহমেদের কাছে সাংবাদিকরা কাউন্সিলের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি। সংস্কার প্রক্রিয়ার কাজ এগিয়ে চলছে।"
তবে চেয়ারপারসন অনুমতি না দিলে বিকল্প ব্যবস্থা কী হবে-প্রশ্ন করা হলে তিনি বলেন, "অনুমতি না দিলে আমরা বিকল্প ব্যবস্থা নেব। তবে এ মুহূর্তে এর বেশি কিছু বলতে চাই না। ১৪ বছর দলের কাউন্সিল হচ্ছে না। দলের দরজা এতোদিন বন্ধ করে রাখা হয়েছিল। তৃণমূল পর্যায়ের দলীয় নেতাকর্মীরা এ বন্ধ দরজা খুলতে চায়।"
অবসরপ্রাপ্ত এ সেনা কর্মকর্তা আরও বলেন, "সংস্কার এখন কেবল আমাদের নয়, বিএনপির লক্ষ কোটি নেতাকর্মীর চাওয়া। খালেদা জিয়াও এর বাইরে নন। আমরা আশা করছি দলের কাউন্সিলের প্রক্রিয়া শেষ হলে তিনি এ অনুষ্ঠানটি করার ব্যাপারে আনুষ্ঠানিক অনুমতি দেবেন।"
ওই সময় সাবেক মন্ত্রী ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক রেজাউল করীম সাংবাদিকদের বলেন, "বিএনপিতে এতদিন মুখে ও কাগজপত্রেই গণতন্ত্র ছিল, বাস্তবে ছিল না। এ সংস্কার কর্মসূচির মাধ্যমে গণতন্ত্রের বাস্তব চর্চা নিশ্চিত করা হবে। সে জন্যই দলীয় কাউন্সিল অতি জরুরি একটি বিষয়।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমআই/১৪৩৯ ঘ.
bdnews24