২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক জামায়াত সাংসদ শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

চট্টগ্রাম-১৪ আসনের সাবেক সাংসদ জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2007, 03:52 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

চট্টগ্রাম, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রাম-১৪ আসনের সাবেক সাংসদ জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। জমা দেওয়া সম্পত্তির হিসাবের বাইরে অবৈধভাবে সম্পদ অর্জন, মিথ্যা ঘোষণা এবং অর্থের বৈধ উৎসের বিবরণ না দেওয়ায় রোববার এ মামলাটি করা হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম-২ কার্যালয়ের উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে বন্দর থানায় এ মামলা করেন। আবুল কালাম আজাদ জানান, কমিশনে জমা দেওয়া হিসাবে শাহজাহান চৌধুরী ৪৯ লাখ টাকা দিয়ে সাংসদ কোটায় একটি গাড়ি আমদানির ঘোষণার কথা জানান। তাতে তিনি জানিয়েছিলেন, পুরো অর্থ পরিশোধ না করায় গাড়িটি তার কাছে হস্তান্তর করেনি সংশ্লিষ্ট এজেন্ট। অথচ কমিশনের তদন্তে দেখা যায়, শাহজাহান চৌধুরী ঢাকা মহাখালী শাখার আরব বাংলাদেশ ব্যাংকের চলতি হিসাবে নিজের নামে সাংসদ হিসাবে শুল্কমুক্ত কোটায় একটি গাড়ি আমদানির জন্য ৫০ লাখ টাকার এলসি খোলেন। পরবর্তীতে ইংল্যান্ড থেকে 'ল্যান্ড রোভার রেঞ্জ রোভার' ব্র্যান্ডের ৪৩৯৮ সিসির একটি গাড়ি আমদানি করেন। তিনি ওই গাড়িটি চট্টগ্রাম বন্দর থেকে খালাস করেন এবং বিআরটিএ থেকে নিজের নামে রেজিস্ট্রেশন করেন। কমিশন কর্মকর্তা জানান, মিথ্যা ঘোষণা দেওয়ায় এবং ৫০ লাখ টাকার উৎস গোপন করায় এটা স্পষ্ট যে তিনি অবৈধভাবে সম্পত্তির মালিক হয়েছেন, যা তার ঘোষিত আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এ কারণেই তার বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমআই/২১৪৩ ঘ.