কুমিল্লা, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চারদলীয় জোট সরকারের সাবেক প্রতিমন্ত্রী ও বর্তমানে এলডিপি নেতা অ্যাডভোকেট রেদোয়ান আহমেদের বিরুদ্ধে আরও একটি চাঁদাবাজির মামলা হয়েছে।
চান্দিনা উপজেলার ধানসিঁড়ি গ্রামের কাইয়ুম খান রোববার চান্দিনা থানায় মামলাটি দায়ের করেন বলে জানান চান্দিনা থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক মো. শাহজাহান। মামলায় রোদোয়ান আহমেদের স্ত্রী মমতাজ আহমেদ, ভগ্নিপতি সিদ্দিকুর রহমান এবং দুই ভাগ্নে সুজন ও সুমনকেও আসামী করা হয়েছে।
এজাহারে অভিযোগ করা হয়েছে, চান্দিনা পৌর মার্কেটে দোকান বরাদ্দের জন্য প্রতিমন্ত্রী থাকাকালে রেদোয়ান আহমেদ বাদীর কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। বাদী ও তার ভাইকে রেদোয়ান আহমেদ বাড়িতে ডেকে নিয়ে আসামীরা ভয়ভীতি দেখালে বাধ্য হয়ে ২০০৩ সালে ওই টাকা মমতাজ বেগমের একাউন্ট নম্বরে জমা দেন বাদী কাইয়ুম খান।
কিন্তু দোকান বরাদ্দ কিংবা দেওয়া টাকার ফেরত কোনটিই পাননি বলে বাদী এজাহারে উল্লেখ করেন।
এর আগে গত ২৮ জুন রেদোয়ান আহমেদের বিরুদ্ধে আদালতে একটি চাঁদাবাজির মামলা করেন চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের আইনজীবী আবুল কাশেম। ওই মামলায় রোদোয়ান আহমেদের ছোটো ভাই এমরান আহমেদসহ পাঁচ জনকে আসামী করা হয়।
গত ২৬ জুন রাতে ঢাকার গুলশান থেকে রেদোয়ান আহমেদকে আটক করে যৌথবাহিনী। জরুরি ক্ষমতা বিধিমালায় গ্রেপ্তার দেখিয়ে পর দিন আদালতে হাজির করে রিমান্ড আবেদন জানানো হলে বিচারক তাকে চার দিন রিমান্ডে পাঠান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৩১ ঘ.
bdnews24