ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কাউন্সিলররা যেভাবে চাইবেন সেভাবেই দলের সংস্কার হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার সন্ধ্যায় খালেদা জিয়া দলের কোষাধ্যক্ষ অসুস্থ শাহে আলমকে দেখতে তার শ্যমলীর বাসায় যান। অসুস্থ নেতাকে দেখে বাইরে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
এসময় সাংবাদিকরা আবদুল মান্নান ভূঁইয়া ঘোষিত সংস্কার প্রস্তাব সর্ম্পকে খালেদা জিয়ার মতামত জানতে চাইলে তিনি বলেন, ''আমি সংস্কারের পক্ষে। দলের নেতাকর্মীরা সংস্কার চান। গণতান্ত্রিক পরিবেশে এই সংস্কার হতে হবে। বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল। নেতাকর্মীদের মতামত শুনেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।''
তিনি বলেন, ''কাউন্সিলাররা যেভাবে সংস্কার চাইবে, সেভাবেই হবে। দল করতে হলে গঠনতন্ত্র মেনে করতে হবে।"
খালেদা জিয়াকে উপদেষ্টা পদে রেখে দলের সংস্কার করা হবে কিনা জানতে চাইলে সাবেক প্রধানমন্ত্রী বলেন, ''যে কোনো কিছু বাস্তবায়ন করতে কাউন্সিল লাগবে। কারো চাওয়া পাওয়ার ওপর এটা নির্ভর করে না। দেশ চলে সংবিধান অনুযায়ী, দল চলবে গঠনতন্ত্র অনুযায়ী।''
জরুরী অবস্থার মধ্যেই বিএনপির কাউন্সিল হতে পারে এমন একটি গুঞ্জনের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে খালেদা জিয়া বলেন, "বিএনপি কোনো আন্ডার গ্রাউন্ড দল নয়। এটি একটি গণতান্ত্রিক দল। আমি জেনেছি, কাউন্সিলে দলের সব নেতা কর্মীরা বক্তব্য রাখতে চায়। সেজন্য কাউন্সিল একদিন নয়, তিন দিনও চলতে পারে। আলোচনা করে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।''
নিজের কোনো সংস্কার প্রস্তাব আছে কিনা জানতে চাইলে সাবেক সরকার প্রধান বলেন, "আমার প্রস্তাব আমি কাউন্সিলেই উপস্থাপন করব।"
বিএনপি বিভক্ত হয়ে যাওয়ার আশঙ্কা করছেন কিনা জানতে চাইলে খালেদা জিয়া বলেন, "দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ বিএনপি চায়। এই দলের লক্ষ-কোটি নেতা-কর্মী-সমর্থক রয়েছে। যাদের রক্ত-ঘাম-শ্রমে এই দল গঠিত হয়েছে, তাদের বাদ দিয়ে বিএনপি হতে পারে না। কেউ বিভক্ত বিএনপি চায় না।"
দলের গঠনতন্ত্রের বিরুদ্ধে যারা কাজ করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, "সময় এলে ব্যবস্থা নেয়া হবে।"
বিএনপির কোষাধ্যক্ষ শাহে আলম গত ৫ বছর ধরে বিভিন্ন বার্ধক্যজনিত রোগে আত্রান্ত। বর্তমানে তিনি বাকরুদ্ধও। খালেদা জিয়া শনিবার তার বাসায় গিয়ে অসুস্থ নেতার শয্যা পাশে কিছু সময় কাটান এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন। শাহে আলমের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি।
খালেদা জিয়া এর আগে চোখের চিকিৎসার জন্য বনানীতে চক্ষু বিশেষজ্ঞ মোস্তাফিজুর রহমানের চেম্বারে যান। সেখানে তার চোখ পরীক্ষা করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২১৩৫ ঘ.
bdnews24