খুলনা, জুন ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী তালুকদার আবদুল খালেকসহ গ্রেপ্তারকৃত আট জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
তাদের বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। জুয়া খেলার অভিযোগে তাদের বিরুদ্ধে রাতেই থানায় মামলা করা হয়।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা থানা থেকে প্রিজন ভ্যানে করে কড়া পুলিশ পাহারায় সাবেক মন্ত্রীসহ অন্যদের আদালতে নিয়ে যাওয়া হয়। মহানগর হাকিম আদালতে হাজির করা হলে তালুকদার খালেকের আইনজীবীরা জামিনের আবেদন জানান। তখন বিচারক শেফিনা বেগম রোববার সে আবেদনের শুনানির দিন ধার্য করে সাবেক প্রতিমন্ত্রীসহ আটজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বেলা সাড়ে ৩টার দিকে আদালত থেকে তাদের কারাগারে নেওয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে নগরীর ৯৫ গগন বাবু রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে তালুকদার আবদুল খালেক, আওয়ামী লীগ নেতা এইচ এম মোর্তজাবুল হক মোস্তফা, লিয়াকত আলী লিকু, জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম মনু, মকবুল হোসেন, এফএমএ আজিজ, আবদুল মালেককে গ্রেপ্তার করা হয়।
সদর থানার উপ-পরিদর্শক বিকাশ চন্দ্র শীল বাদী হয়ে ওই রাতেই জুয়া আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৭৩০ ঘ.
bdnews24