চট্টগ্রাম, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কারারুদ্ধ মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও নাট্যব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুনসহ মোট নয় জনের বিরুদ্ধে প্রতারণামূলকভাবে সিটি কর্পোরেশনের তহবিল থেকে প্রায় ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র নির্মাণ ও নগরীর জনসংখ্যা জরিপের নামে অর্থ আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দুটি করেন।
চলচ্চিত্র নির্মাণ বিষয়ক মামলায় আসামী করা হয়েছে মেয়র মহিউদ্দিন, আবদুল্লাহ আল মামুন, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী ও গোলাম মোস্তফা কাঞ্চনকে।
মামলার এজাহারে বলা হয়, সরকার কিংবা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি না নিয়েই ১৯৯৭ সালে চট্টগ্রাম মুক্তিযোদ্ধা শিল্পী সমন্বয় পরিষদের নামে একটি চলচ্চিত্র নির্মাণের জন্য সিটি কর্পোরেশনের তহবিল থেকে ৪৪ লাখ টাকা ওই সংগঠনের তহবিলে স্থানান্তর দেখিয়ে আত্মসাত করা হয়।
মামলার বাদী আরিফ সিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে জানান, বাস্তবে ওই চলচ্চিত্রের কোনও হদিস মেলেনি। এছাড়া এ ধরনের কোনও চলচ্চিত্র জনসমক্ষে প্রচারিতও হয়নি। পুরো টাকাটাই মেরে দেওয়া হয়েছে।
অপর মামলায় আসামী করা হয়েছে মেয়র মহিউদ্দিন, জনতা ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সচিব এস এম সোলায়মান, কর্পোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ ওহাব, সাবেক সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মাহমুদুল ইসলাম চৌধুরী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে।
এ মামলার এজাহারে বলা হয়, নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির নামে নগরীর জনসংখ্যার উপর জরিপ চালানোর একটি প্রকল্প গ্রহণ করা হয়। যার বাস্তব কোনও অস্তিত্ব নেই। মেয়র মহিউদ্দিন নিজেই তথাকথিত ওই নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির প্রধান পৃষ্ঠপোষক ছিলেন।
ওই কমিটির সঙ্গে সিটি কর্পোরেশনের চুক্তি সইয়ের আগেই ৪১ লাখ টাকা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির ব্যাংক একাউন্টে স্থানান্তর এবং পরে ওই টাকা সব আসামীর যোগসাজশে আত্মসাৎ হয় বলে এজাহারে অভিযোগ করা হয়।
কোতোয়ালী থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ আরিফ জানান, মেয়রসহ চার জনের বিরুদ্ধে সন্ধ্যা সোয়া ৬টায় প্রথম মামলা এবং সন্ধ্যা সাড়ে ৬টায় মেয়রসহ পাঁচ জনের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি নথিভুক্ত হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফআই/এমআই/২১২৪ ঘ.
bdnews24