ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- প্রায় তিন কোটি টাকা চাঁদাবাজির মামলায় বৃহস্পতিবার আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
দুই দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক শেখ সেলিমকে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য দুপুরে আদালতে হাজির করেন।
শেখ সেলিম দুপুর সাড়ে তিনটার দিকে ঢাকার মহানগর হাকিম এবিএম আবদুল ফাত্তাহর খাস কামরায় প্রবেশ করেন। জবানবন্দি শেষ হয় সন্ধ্যা ছয়টায়।
এর আগে সেলিমের আইনজীবীরা তার জামিন চান এবং ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি যুক্তি দেখিয়ে জবানবন্দি না নেওয়ার আবেদন জানান। তারা সেলিমকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা দেওয়ারও আবেদন জানান।
মামলার তদন্ত কর্মকর্তা ওসি ওবায়দুল হক বলেন, শেখ সেলিম ইস্ট কোস্ট ট্রেডিং গ্র"পের সত্বাধিকারী আজম জে চৌধুরীর কাছ থেকে দুই কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৫ শ টাকা চাঁদা নিয়েছেন এবং ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে সব স্বীকার করতে রাজি হয়েছেন।
মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় আনার আবেদন থাকার কারণে এই আদালত জামিনের আবেদনটি নথিভূক্ত করে। আদালত তার চিকিৎসার যথাযথ ব্যবস্থা নিতেও কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
জবানবন্দি শেষে বিকেল সাড়ে ছয়টায় শেখ সেলিমকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, গত ১৩ জুন ইস্ট কোস্ট ট্রেডিং গ্র"পের সত্বাধিকারী আজম জে চৌধুরী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় এই মামলাটি দায়ের করেন।
গত ২৯ মে যৌথবাহিনী শেখ ফজলুল করিম সেলিমকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/এমএইচবি/২১২৩ ঘ.
bdnews24