২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশন সচিবালয় আলাদা করায় অগ্রগতি

রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়কে প্রধানমন্ত্রীর কার্যালয় (বর্তমানে প্রধান উপদেষ্টার কার্যালয়) থেকে আলাদা করার জন্য আইনের খসড়া বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সোমবার বিকালে তার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2007, 03:49 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়কে প্রধানমন্ত্রীর কার্যালয় (বর্তমানে প্রধান উপদেষ্টার কার্যালয়) থেকে আলাদা করার জন্য আইনের খসড়া বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সোমবার বিকালে তার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। কমিশন সচিবালয়কে স্বাধীন করার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন পড়বে না -- এ কথা জানিয়ে তিনি বলেন, "কমিশন সচিবালয়কে স্বাধীন করার বিষয়টি জনদাবিতে পরিণত হয়েছে। আমরা এটি করতে চাচ্ছি; সরকারও তা চাচ্ছে। প্রধান উপদেষ্টা এখন বিষয়টি দেখছেন।" ছহুল হোসাইন বলেন, "কমিশন সচিবালয়কে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্বাধীন করে এর জনবল ও অর্থনৈতিক স্বাধীনতা কমিশনের কাছে দেওয়া হবে। সংসদে প্রধানমন্ত্রী কমিশনের পক্ষে জবাবদিহি করবেন। আর নিয়োগে স্বচ্ছতা আনার জন্য সরকারি কর্মকমিশনের মাধ্যমে জনবল নিয়োগ করা হবে। কমিশন সচিবালয়ের বদলি ও নিয়োগ সবই নির্বাচন কমিশনের হাতে থাকবে।" তিনি জানান, স্বাধীন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে সরকারের কাছে বাজেট চাওয়া হবে। খরচের হিসাব সংসদে দেওয়া হবে। কমিশনার বলেন, "আমরা অবশ্য এখন কাজ করতে গিয়ে কোনো চাপ অনুভব করছি না। তবু আমরা কমিশন সচিবালয়কে স্বাধীন করতে চাই ভবিষ্যতের কথা মনে রেখে।" এদিকে সোমবার বিকালে 'আটকে পড়া' পাকিস্তানিদের সংগঠন 'আল ফালাহ বাংলাদেশ' ভোটাধিকারের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার কাছে স্মারকলিপি দিয়েছে। সংগঠনের নির্বাহী পরিচালক আহমেদ ইলিয়াস সাংবাদিকদের বলেন, "আটকে পড়া পাকিস্তানিদের মধ্যে যারা পাকিস্তানে ফেরত যেতে চান, তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। কিন্তু যারা বাংলাদেশে জন্মেছেন, আমাদের দাবি, তাদের যেনো ভোটার করা হয়।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ বিআর/এমএইচবি/২১৩৭ ঘ.