ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক মন্ত্রী ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে দায়ের করা মাদক আইনের মামলা বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছে।
সোমবার বিচারপতি মো. আবদুল কুদ্দুস ও বিচারপতি আবদুল আওয়ালের হাইকোর্ট বেঞ্চে আনোয়ার হোসেন মঞ্জু এ আবেদনপত্র জমা দেন। মঙ্গলবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
আবেদনে বলা হয়েছে, গত ৭ মার্চ যৌথ বাহিনী আনোয়ার হোসেন মঞ্জুর বাসভবন থেকে ২১ বোতল বিদেশি মদ আটক করে। এ ঘটনায় ১২ মার্চ ধানমন্ডি থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ও জরুরি ক্ষমতা বিধিমালায় একটি মামলা করা হয়। মঞ্জু পলাতক না থাকলেও ঢাকা মহানগর দায়রা আদালত গত ৩ জুন তাকে পলাতক দেখিয়ে এ মামলায় অভিযোগ গঠন করে।
মঞ্জু তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশসহ এ মামলার সমস্ত কার্যক্রম বাতিলের জন্য হাইকোর্টে আবেদন জানান।
আদালতে মঞ্জুর পক্ষে মামলা পরিচালনা করছেন অ্যাডভোকেট এম কে রহমান। সরকার পক্ষে রয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুর রহিম চন্দন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জেকে/জিএনএ/১৮২৩ ঘ.
bdnews24