২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা, নিজামীর বিরুদ্ধে মামলার সঙ্গে আওয়ামী লীগ জড়িত নয়

২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত থাকার অভিযোগে খালেদা জিয়া, তারেক রহমান ও মতিউর রহমান নিজামীসহ ২৮ জনের বিরুদ্ধে মঙ্গলবার যে মামলা করা হয়েছে তার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন শেখ হাসিনার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ। বুধবার দুপুর পৌনে দু'টার দিকে সুধা সদন থেকে বের হয়ে সাংবাদিকদের ড. হাসান মাহমুদ এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 09:43 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত থাকার অভিযোগে খালেদা জিয়া, তারেক রহমান ও মতিউর রহমান নিজামীসহ ২৮ জনের বিরুদ্ধে মঙ্গলবার যে মামলা করা হয়েছে তার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন শেখ হাসিনার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ। বুধবার দুপুর পৌনে দু'টার দিকে সুধা সদন থেকে বের হয়ে সাংবাদিকদের ড. হাসান মাহমুদ এ কথা জানান। তিনি বলেন, "এই মামলার বিষয়ে আমরা কিছুই জানতাম না। দলগতভাবে এই মামলার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ব্যক্তিগত উদ্যোগে মামলাটি করা হয়েছে। আমরা বিভিন্ন প্রচার মাধ্যম থেকেই এ বিষয়ে জেনেছি।" মঙ্গলবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন ২১ গ্রেনেড হামলায় আহত কক্সবাজার আওয়ামী লীগ কর্মী বদর আজিজ উদ্দিন। এতে আসামি করা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ, সাবেক প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন কাদের চৌধুরী, সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শ্রম প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমান, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সাবেক হুইপ শহিদুল হক জামাল, রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনু, সাবেক বাণিজ্য উপদেষ্টা বরকত উল্লাহ বুলু, বিএনপির উপদেষ্টা হান্নান শাহ, সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালু, হেলালুজ্জুমান তালুকদার লালু, নাসির উদ্দিন আহমেদ পিন্টু, বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, বগুড়ার বিএনপি নেতা একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া ও ঢাকার ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমকে। এছাড়া জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক মহা পরিচালক রেজ্জাকুল হায়দার, পুলিশের সাবেক মহা পরিদর্শক মোদাব্বির হোসেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সাবেক অতিরিক্ত মহা পরিদর্শক ফারুক আহম্মেদ এবং ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার খোদা বক্স ও ইসলামি ব্যাংকের তখনকার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককেও এই মামলায় আসামি করা হয়। মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, শ্রম সম্পাদক মো. হাবিবুর রহমান সিরাজ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের চেয়ারম্যান শওকত আলী, নারায়ণগঞ্জের গোলাম মোস্তফা, কক্সবাজারের মাওলানা আলিম উদ্দিন এবং ঢাকার সবুজবাগের মোছাম্মৎ রাজিয়াকে সাক্ষী করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএম/এসএনডি/১৫৫০ ঘ.