ঢাকা, জুন ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সাবেক মন্ত্রী মীর্জা আব্বাসের উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকার ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এদিকে মীর্জা আব্বাস ও সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের আটকাদেশ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা আগামী ২৬ জুলাই পর্যন্ত স্থগিত করে দিয়েছে আপিল বিভাগ।
মঙ্গলবার বিচারপতি খাদেমূল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মীর্জা আব্বাসের আবেদনের পরিপ্রেক্ষিতে মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী মীর্জা আব্বাসের উন্নত চিকিৎসার জন্য নির্দেশ দেন।
গত ২৭ মে হাইকোর্টের এই বেঞ্চ মীর্জা আব্বাসের মেডিক্যাল রিপোর্ট তলব করেছিল। আদালতের নির্দেশ অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ রিপোর্ট দেয়। রিপোর্ট বিবেচনা করে আদালত আদেশ দেয়।
মীর্জা আব্বাসের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফাহিমা নাসরিন।
এদিকে গত ৩০ মে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সাবেক দুই পূর্ত মন্ত্রী মীর্জা আব্বাস ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের আটকাদেশ অবৈধ ঘোষনা করে রায় দিয়েছিল। এই রায় স্থগিতের জন্য সরকার আপিল বিভাগে আবেদন জানান।
মঙ্গলবার আপিল বিভাগের বিচারপতি মোঃ হাসান আমিনের চেম্বার আদালত সরকারের এ আবেদনের ওপর আগামী ২৬ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য তারিখ নির্ধারন করেন। এই সময় পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত করেন আদালত। সরকারকে এই সময়ের মধ্যে নিয়মিত আপিল দায়েরেরও নির্দেশ দেওয়া হয়।
সরকার পক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ। ইঞ্জিনিয়ার মোশাররফের পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ। মীর্জা আব্বাসের পক্ষে ছিলেন অ্যাডভোকেট বিভাস চন্দ্র বিশ্বাস।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /এটি/জিএনএ/২০১৫ ঘ.
bdnews24