মেয়র মহিউদ্দিনের চিকিৎসার নথি তলব, জামিন আরও দুই দিন স্থগিত
চট্টগ্রামের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর চিকিৎসা সংক্রান্ত সব নথি তলব করেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার এসব নথি আদালতে উপস্থাপন করার নির্দেশ দিয়ে বলা হয়েছে, ওই সময় পর্যন্ত মেয়রের জামিনের আদেশ স্থগিত থাকবে।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোঃ ফজলুল করিমের নেতৃত্বে পাঁচ বিচারকের আপিল বিভাগ আগামী বৃহস্পতিবারের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ এবং সরকারকে মেয়রের চিকিৎসা সংক্রান্ত সব কাগজ আদালতে দেওয়ার নির্দেশ দেন।
মঙ্গলবার আদালতে এটর্নি জেনারেল ফিদা এম কামাল বলেন, মহিউদ্দিনের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র না দেখেই তাকে জামিন দেওয়া হয়েছে।
মহিউদ্দিনের আইনজীবী ড. কামাল হোসেন এ বক্তব্যের বিরোধিতা করে বলেন, মহিউদ্দিনের চিকিৎসা সংক্রান্ত যথাযথ কাগজপত্র হাইকোর্টে দেওয়া হয়েছে।
সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি হাসান আমিন মেয়র মহিউদ্দিনকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করে দেন।
মেয়রের স্ত্রী হাসিনা মহিউদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ২২ মে বিচারপতি মো. আবদুল মতিন ও বিচারপতি মো. আবদুল হাই এর হাইকোর্ট বেঞ্চ মেয়রের জামিনের আদেশ দেন।
ওই সময় হাসিনা মহিউদ্দিনের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেন, মেয়র মহিউদ্দিন গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তার মুক্তি পাওয়া দরকার। অন্য দুটি মামলায় তিনি জামিন লাভ করলেও আটকাদেশ থাকায় তিনি কারাগার থেকে মুক্তি পাননি।
জরুরি অবস্থা জারির পর যৌথবাহিনী ৭ মার্চ মেয়র মহিউদ্দিনকে গ্রেপ্তার করে। ৯ মার্চ তাকে বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়।
৮ মার্চ জরুরি ক্ষমতা বিধিমালায় একটি মামলা দায়ের করা হয়। এ ছাড়া ১ এপ্রিল পাহাড় কাটার অভিযোগে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়। এ মামলা দুটিতে জামিনের আবেদন জানানো হলে হাইকোর্ট গত ১৭ মে তাকে জামিন দেয়।
গত ১৬ মে গুরুতর অসুস্থ মেয়র মহিউদ্দিনকে বান্দরবান কারাগার থেকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ১০ সদস্যের চিকিৎসাবোর্ডের অধীনে চিকিৎসাধীন আছেন।
