শায়খুল হাদিস মাওলানা আজিজুল ও মুফতি শহিদুলের বিরুদ্ধে দুটি মামলা
বাংলাদেশ খেলাফত মজলিশের আমির শায়খুল হাদিস মাওলানা আজিজুল হক ও সিনিয়র নায়েবে আমির মুফতী শহিদুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি এবং বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
রোববার দুপুরে মোহাম্মদপুর থানায় এই মামলা দায়ের করেন জনৈক মোহাম্মদ আলী।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. আলিম বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, শায়খুল হাদিস মাওলানা আজিজুল হক ও মুফতি শহীদুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে রোববার বেলা আড়াইটায় মামলা দুটি মামলা দায়ের করা হয়েছে।
এজাহারে বাদির পিতার নাম উল্লেখ করা হয়েছে হাজী আবদুস সাত্তার। ঠিকানা দেওয়া হয়েছে ৮, আলী অ্যান্ড নুর রিয়্যাল এস্টেট, সাত মসজিদ বসিলা রোড, মোহাম্মদপুর।
মামলার বিবরণে জানা যায় , ২০০১ সালে ৩০ নভেম্বর বিকাল সোয়া ৪টার দিকে মাওলানা আজিজুল হক ও মুফতি শহীদুল ইসলামসহ ১৫ জনের একটি দল ধানমণ্ডির সাত মসজিদ রোডের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রসায় প্রবেশ করে বাদিকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ সময় তারা মাদ্রাসায় ভাঙচুর চালায় ও ককটেল বিস্ফোরণ ঘটায়।
দুটি মামলাতেই মাওলানা আজিজুল হককে এক নম্বর আসামি করা হয়েছে। মারধর ও হত্যার হুমকির অভিযোগে একটি এবং বিস্ফোরক আইনের ৩ (ক) ধারায় অপর মামলাটি দায়ের করা হয়েছে।
