২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছবিছাড়া তালিকাভুক্ত হলে ভোট দেওয়া যাবে কিনা জানে না কমিশন

নির্বাচন কমিশন ছবিসহ ভোটার তালিকা তৈরির সময়ে মোবাইল টেলিফোন কোম্পানিগুলো শর্ট ম্যাসেজ সার্ভিস (এসএমএস) দিয়ে প্রচারণা চালাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2007, 05:58 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

এছাড়া ভোটার হতে জনগণকে উদ্বুদ্ধ করতে মোবাইল ফোন কোম্পানিগুলোকে বিজ্ঞাপন প্রচারের অনুরোধ করবে কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা সোমবার বিকালে তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, যে সব ভোটারের ছবি পাওয়া যাবে না, নির্বাচন কমিশন তাদের তথ্যও সংকলন (ডেটা এন্ট্রি) করবে। অবশ্য তারা ভোট দিতে পারবেন কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

কমিশন ছবিসহ ভোটার তালিকা তৈরির সিদ্ধান্ত থেকে সরে আসেনি দাবি করে সিইসি আরও বলেন, “এরপরও শুধু ছবিসহ ভোটার তালিকার প্রশ্নে আমরা অনড় থাকছি না। সবার ছবি এখন না পাওয়া গেলে পরে তা সংগ্রহের চেষ্টা করা হবে। ভোটার তালিকা তৈরির পুরো কাজটা শেষ করার পর দেখা হবে, কতো শতাংশ ভোটারের ছবি পাওয়া যায়নি। এরপর রাজনৈতিক দলসহ সবাই মিলে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

শামসুল হুদা জানান, গ্রামাঞ্চলে নারীদের মধ্যে ভোটার তালিকা সম্পর্কে প্রচারণা চালানোর জন্য নির্বাচন সংশ্লিষ্ট ৩৭টি এনজিও, আনসার ও ভিডিপি সদস্যদের কাজে লাগানো হবে।

ভোটার তালিকার সময় যে জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে সেটি ব্যবহার করে ২২টি সেবামূলক সুবিধা পাওয়া যাবে-এটি বুঝতে পারলে সবাই ভোট কেন্দ্রে এসে ভোটার হতে আগ্রহী হবেন বলে আশা প্রকাশ করেন সিইসি।

নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন এ সময় সাংবাদিকদের জানান, ছবিছাড়া ভোটার তালিকা তৈরির কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। তবে ছবি পাওয়া না গেলে তাদের তথ্য কেবল সংকলন করে রাখা হবে। ভোটারদের নিরাপত্তার স্বার্থে প্রার্থীদের কাছে ছবি ছাড়া ভোটার তালিকা দেওয়া হবে। শুধু কমিশনই ছবিসহ ভোটার তালিকা ব্যবহার করবে।