২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক ঘন্টার অভিযানে জলিল, বাবর ও হাশেম আটক

এক ঘণ্টার মধ্যে আটক হয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল ও বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2007, 04:49 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

সোমবার দুপুরে যৌথবাহিনীর এই আকস্মিক অভিযানে পারটেক্স গ্রুপের চেয়ারম্যান বিএনপির সাবেক সাংসদ এম এ হাশেমকেও আটক করা হয়েছে।

আবদুল জলিলকে সোমবার বেলা পৌনে ৪টার দিকে মতিঝিলে মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয় থেকে নিয়ে যায় যৌথবাহিনী।

ব্যাংকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী আকবর বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, পৌনে ৪টার দিকে দুজন সেনা কর্মকর্তা এসে কিছু কথা আছে বলে আবদুল জলিলকে নিয়ে যান। জলিল ওই সময়ে ব্যাংকের পরিচালানা পর্যদের বৈঠকে ছিলেন।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে গুলশানের ২ নং সড়কের বাসা থেকে বেলা ৪টা ৫ মিনিটে নিয়ে যায় যৌথবাহিনী। তার ব্যক্তিগত সহকারী শফিউর রহমান শামসু সোয়া ৪টায় বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, ‘‘স্যারকে যৌথবাহিনীর সদস্যরা কিছুক্ষণ আগে নিয়ে গেছেন। স্যার ওই সময়ে বিশ্রামে ছিলেন।’’

পারটেক্স গ্রুপের চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাংসদ এম এ হাশেমকে দুপুর ৩টায় তার গুলশানের কার্যালয় থেকে নিয়ে যায় যৌথবাহিনী। এম এ হাশেমের বড় ছেলে আজিজ আল কায়সার টিটো বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান দুপুর ৩টার দিকে তার বাবাকে নিয়ে যাওয়ার সময় যৌথবাহিনীর কর্মকর্তারা কোনো কারণ জানাননি।