ঘরোয়া রাজনীতি চালুর অনুরোধ আর নয়, বললেন সিইসি
ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সরকারকে আর অনুরোধ করবে না নির্বাচন কমিশন। এ কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা।
রোববার বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসি সাংবাদিকদের বলেন, “ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার বিষয়ে সরকারকে কমিশনের কথা বলা হয়েছে। আমাদের যা বলার, তা আমরা বলেছি। সরকারকে বারবার একই কথা বলতে চাই না।”
শামসুল হুদা জানান, শনিবার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানেও এ বিষয়ে কোনও কথা হয়নি।
গত ৪ এপ্রিল আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান সিইসি।
ওই সময় তিনি সাংবাদিকদের বলেছিলেন, “ঘরোয়া রাজনীতি বন্ধ থাকায় নির্বাচন কমিশন নির্বাচনী আইন সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে পারছে না।”
শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে সিইসি আরও বলেন, “সেখানে মূলত কতো দ্রুত ভোটার তালিকা করা যায়, তা নিয়েই আলোচনা হয়েছে।”
তিনি বলেন, “ছবিসহ ডিজিটাল ভোটার তালিকার সর্বোচ্চ বাজেট ৪৫০ কোটি টাকা। এটা আমাদের মাথায় রাখতে হবে। এ কাজে আট হাজার ইউনিটের জায়গায় এখন ১২ হাজার ইউনিট কাজ করবে। লোকবল বাড়ছে বলে কাজের সময় কমে আসবে। তবে ইউনিট সদস্যদের বেতন-ভাতাও কমে আসবে বলে বাজেটের হেরফের হবে না।”
শামসুল হুদা বলেন, “ছবিসহ একটিই ভোটার তালিকা হবে। আইনেই এ কথা বলা আছে। কারও ছবি পাওয়া না গেলে সে সম্পর্কেও তথ্য নেওয়া হবে। তাকেও প্রাথমিকভাবে ভোটার তালিকাভুক্ত করা হবে; তবে তিনি ভোট দিতে পারবেন কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।”
তিনি জানান, ছবিসহ ভোটার তালিকার জন্য কমিশনের পক্ষ থেকে ১৮ মাসের কথা বলা হচ্ছে, এর মধ্যে প্রস্তুতির জন্য ছয় মাস ধরা হয়েছে। এ ছাড়া খসড়া তালিকা তৈরির পর তা সংশোধনের জন্যও সময় লাগবে।
আগামী ১০ জুন থেকে গাজীপুরের শ্রীপুরে কমিশন পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) ভোটার তালিকা তৈরির পর ভোটার তালিকা সংক্রান্ত অধ্যাদেশে সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান সিইসি।
এদিকে রোববার বিকালে ওই প্রকল্পের বিষয়ে গাজীপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার, শ্রীপুর পৌর চেয়ারম্যান, সেনা ও বিডিআর প্রতিনিধিদের নিয়ে নির্বাচন কমিশনে একটি সমন্বয়মূলক সভা করেন সিইসি। এতে দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও সাখাওয়াত হোসেন, কমিশন সচিব মুহাম্মদ হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
শ্রীপুর পৌর চেয়ারম্যান আনিসুর রহমান সাংবাদিকদের জানান, পাইলট প্রকল্পের বিষয়ে তার এলাকায় স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে। রাজনৈতিক দলগুলো এ কাজে সহযোগিতা করছে। এখন তারা ওই প্রকল্পটির পক্ষে এলাকায় মাইকে প্রচার চালাবেন।
