২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দলে পরিবারতন্ত্র নেই’ খালেদার এ দাবি বছরের সেরা কৌতুক: সুরঞ্জিত

বিএনপিতে পরিবারতন্ত্র নেই বলে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া শুক্রবার যে মন্তব্য করেছেন তাকে বছরের সেরা কৌতুক দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2007, 05:00 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোকে কটাক্ষ করে সরকারের মুখপাত্র হিসাবে এক উপদেষ্টার বিভিন্ন বক্তব্য নিয়েও প্রশ্ন তুলে তাকে সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।  

শনিবার দুপুরে নিজ বাড়িতে সাংবাদিকদের তিনি বলেন, “খালেদা জিয়াকে পরিবারতন্ত্র ও গণতন্ত্র কাকে বলে তা জানতে হবে। বিএনপিতে পরিবারতন্ত্র না থাকলে খালেদা জিয়ার বোন কীভাবে রাজনীতিতে এলেন, তার ভাই রাতারাতি কীভাবে সাংসদ হয়ে গেলেন! এছাড়া রাজনীতিতে তার ছেলে কীভাবে বিএনপির যুগ্ম মহাসচিব হলেন!”

সরকারের মুখপাত্র হিসাবে এক উপদেষ্টার সাম্প্রতিক কিছু মন্তব্য সম্পর্কে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এই নেতা তার স্বভাবসুলভ ভঙ্গীতে বলেন, “এই সরকারের মুখও পেলাম না, পাত্রও পেলাম না। সরকারের যে মুখপাত্র রয়েছেন আশা করব-- তিনি যেনো একটু সংযত হন। রাজনৈতিক দল সম্পর্কে তিনি যেনো আরও সম্ভ্রম নিয়ে কথা বলেন।”

অবিলম্বে ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, “সবাই রাজনীতি করবে, শুধু রাজনৈতিক দলগুলো তাতে অংশ নিতে পারবে না-- এটা বৈষম্যমূলক। রাজনৈতিক দল বিবর্জিত সংস্কার চাপিয়ে দেওয়া হলে তা সংস্কার না হয়ে হবে কু-সংস্কার।”

ড. ফেরদৌস আহমেদ কোরেশীর নতুন দল সম্পর্কে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “ফেরদৌস কোরেশী অনেক নতুন দল করেছেন। আশা করব তিনি যেন আর কোনো নতুন দল করতে না পারেন।”

আওয়ামী লীগ চাপিয়ে দেওয়া প্রেসক্রিপশন অনুসারে সংস্কার চায় না মন্তব্য করে তিনি বলেন, রাজনীতিতে এমন কোনো সংকট নেই যে আমেরিকা থেকে ইমপোর্ট (আমদানি) করে এখানে কিছু আনতে হবে। নির্বাচন কমিশন সবার সঙ্গে কথা বললেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলছে না। কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা অত্যন্ত জরুরি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল সরকার, প্রশাসন ও দল-- এই তিন স্তরে সংস্কারের যে কথা বলেছেন তার সঙ্গে দ্বিমত পোষণ করেন তিনি। সুরঞ্জিত সেনগুপ্ত অবশ্য বলেন, “তিনি (জলিল) তার ব্যক্তিগত মত দিয়েছেন। আমিও আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলসর্বস্ব ও দলীয়করণের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশদ ও অবাধ আলোচনা হওয়া দরকার। সংস্কার হতে হবে স্বচ্ছতার ভিত্তিতে। সম্মিলিত নেতৃত্বের বিষয়েও সবাইকে সম্মিলিত সিদ্ধান্ত নিতে হবে।