২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি ক্ষমতা আইনে হাইকোর্টের জামিন দেওয়ার ক্ষমতা স্থগিত

জরুরি ক্ষমতা আইনে অভিযুক্ত ব্যক্তির জামিনের আবেদন উচ্চ আদালত বিবেচনা করতে পারবে বলে দেওয়া হাইকোর্টের রায় দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 03:16 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

সরকারপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিনের নেতৃত্বে চার বিচারকের আপিল বিভাগ এ আদেশ দেন। দুই সপ্তাহের মধ্যে নিয়মিত আবেদন করতেও সরকারকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

এর আগে ২২ এপ্রিল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এস এম এমদাদুল হকের হাইকোর্ট বেঞ্চ জামিনের আবেদন উচ্চ আদালত বিবেচনা করতে পারবে বলে রায় দিয়েছিলেন। সেসময় অবশ্য বলা হয়েছিল, জামিন দেওয়া বা না দেওয়ার এক্তিয়ার থাকবে আদালতের বিবেচনাপ্রসুত।

২১ মার্চ জরুরি ক্ষমতা বিধিমালার দ্বিতীয় সংশোধনীতে জামিনের ওপর ঢালাও সংশোধনী আনা হয়। জামিনের ওপর কড়াকড়ি আরোপ করে জরুরি ক্ষমতা বিধিমামলার দ্বিতীয় সংশোধনীর পর একটি তেল পাচার সংক্রাšত মামলার আসামী খুলনার জনৈক মাইজউদ্দিন শিকদার জামিন চাইলে এলে জামিন দেওয়া না দেওয়ার প্রশ্নটি হাইকোর্টে প্রথম উত্থাপিত হয়।

আদালত এসময় ড. কামাল হোসেন, সাবেক এটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, ব্যারিস্টার রফিক উল হক, বিচারপতি আবদুল মালেককে এমিকাস কিউরি (আদালতের বন্ধু) নিয়োগ করে তাদের শুনেন।

আইনজীবীরা অভিমত দিয়েছিলেন, জরুরি ক্ষমতা আইনে বলা হয়েছে, এ আইনে বিচারাধীন মামলায় ‘কোনো আদালত বা ট্রাইব্যুনালে জামিনের আবেদন করা যাবে না’। সুুপ্রিম কোর্ট বা হাইকোর্টেও জামিনের আবেদন করা যাবে না এমন কোনো কথা ওই আইনে বলা হয়নি। ফলে হাইকোর্ট বা আপিল বিভাগ এর আওতায় পড়বে না। তাছাড়া সরকার গত ৮ এপ্রিল জরুরি ক্ষমতা আইন সংশোধন করে জামিনের বিষয়টি শিথিল করেছে। সংশোধনীতে সুপ্রিম কোর্টকে জামিনের ব্যাপারে নিষেধাজ্ঞার আওতাভুক্ত করা হয়নি।

এসময় সরকারপক্ষের অতিরিক্ত এটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, জরুরি ক্ষমতা আইনে ‘কোনো আদালত’ বলতে যে কোনো বিচারিক আদালতকে বোঝানো হয়েছে। সুতরাং নিম্ন আদালত, হাইকোর্ট ও আপিল বিভাগ সবই এই নিষেধাজ্ঞার আওতাধীন।