২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজার ছেলে রাজা হবেন এমন দিন আর নেই: আনোয়ারুল কবীর

সাবেক বিএনপি--জামায়াত সরকারের প্রতিমন্ত্রী ও এখন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি মণ্ডলীর সদস্য আনোয়ারুল কবীর তালুকদার বলেছেন, ‘‘পরিবারতন্ত্রের প্রতি দেশের মানুষের এখন অনিহা ও ঘৃণা জন্মেছে। দেশে রাজতন্ত্র নেই, যে রাজার ছেলে রাজা হবে। যার সততা ও নেতৃত্বের গুণাবলী আছে তিনিই জনগণের প্রতিনিধিত্ব করবেন। অযোগ্য কেউ পারিবারিক সূত্রে নেতা হয়ে যাবেন, এটা আর গ্রহণযোগ্য নয়। পুরনো নেতার স্বপ্ন বাস্তবায়নেরও আর প্রয়োজন নেই।’’

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2007, 01:15 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

বুধবার সকালে মহাখালীর ডিওএইচএস এর বাসায় নফহবংি২৪.পড়সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

আনোয়ারুল কবীর তালুকদার বিএনপি সরকারের শেষ সময়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী থাকার সময়ে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে সারা দেশে আলোচিত হন। পরে বিএনপি থেকেও পদত্যাগ করে নতুন দল এলডিপিতে যোগ দেন তিনি।

রাজনৈতিক দলগুলোতে সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আনোয়ারুল কবীর তালুকদার বলেন, বর্তমান প্রেক্ষাপটে সংস্কারের প্রশ্নে দেশের মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। তারা চান দলের ভেতরে অধিকতর গণতন্ত্র চর্চা হোক। প্রতিটি স্তরে নেতা নির্বাচন পদ্ধতি হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক।

একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরির প্রয়োজনে নির্বাচন কমিশনে আমূল সংস্কার, দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী ও কার্যকর এবং রাজনৈতিক দলগুলোতে সংস্কার আনা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

জামালপুর--৪ আসনের সাবেক এই সাংসদ দাবি করেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সঙ্গে বর্তমান বিএনপির কোনো মিল নেই। সেটি এখন পুরোপুরি একটি অগণতান্ত্রিক দল। গত পাঁচ বছর ক্ষমতায় থাকার সময় বিএনপিতে মত প্রকাশের কোনো সুযোগ ছিল না। দলের গঠনতন্ত্র এক ব্যক্তির কাছে সর্বসময় ক্ষমতা দেওয়ায় নেতাকর্মীদের অধিকার সেখানে সংরক্ষিত হচ্ছে না।

বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের প্রতিমন্ত্রী হিসেবে তাদের সময়কার পাঁচ বছরের মূল্যায়ন করতে গিয়ে আনোয়ারুল কবীর তালুকদার বলেন, “ওই পাঁচ বছর হচ্ছে দুর্নীতি ও দুঃশাসনের বছর। দুবৃত্তায়নের অন্ধকারে ডুবে গিয়েছিল বিএনপি। পরিস্থিতি থেকে উত্তরণের উদ্যোগ নেওয়ার জন্য একাধিকবার আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি। কিন্তু তিনি শোনেননি।”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান সর্ম্পকে জানতে চাইলে তিনি স্পষ্ট ভাষায় বলেন, বিএনপির বর্তমান অবস্থার জন্য গত পাঁচ বছরের দ্বৈত শাসনই দায়ী। ওই সময়ে ক্ষমতার দুটি কেন্দ্র ছিল। এর একটি প্রধানমন্ত্রীর কার্যালয়, আর অন্যটি তারেক রহমানের হাওয়া ভবন। নিজ মন্ত্রণালয়ের অনেক কাজে হাওয়া ভবনের লোকজন সরাসরি হস্তক্ষেপ করেছে বলে তিনি দাবি করেন।

প্রধানমন্ত্রীর দুর্বল নেতৃত্ব এবং প্রজ্ঞা ও দূরদর্শিতার অভাবে জোট সরকারের সময়ে প্রগতি থমকে গিয়েছিল বলে মন্তব্য করেন তিনি।  ওই পাঁচ বছরে কোনো সাফল্য আছে কিনা-- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাফল্যের পাল্লা একেবারে কম। সে সময় গণতন্ত্রের বাতি কোনোভাবে জ্বালিয়ে রাখা হয়েছিল। তবে তা জনগণের জন্য আলো ছড়াতে পারেনি।

অন্যদিকে আওয়ামী লীগের পাঁচ বছরে সন্ত্রাস ও নৈরাজ্যে দেশ ছেয়ে গিয়েছিল বলেও মন্তব্য করেন আনোয়ারুল কবীর তালুকদার।

এলডিপিতে পরিবারতন্ত্র আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এলডিপি নতুন দল। এমন কিছু এই দলে থাকলে তা কোনোভাবে বরদাশত করা হবে না।