২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে জিততে কালোটাকার মালিকদের মনোনয়ন দিয়েছে আ’লীগ: আব্দুল হামিদ

নির্বাচনে জেতার প্রয়োজনে কালোটাকার মালিকদের মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগও। ১৯৯১ সালের নির্বাচনে হেরে যাওয়ার পর দলটি রাজনৈতিক কৌশলে পরিবর্তন আনে। আর এরই অংশ হিসাবে ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কয়েক জন কালো টাকার মালিককে মনোনয়ন দিয়েছিল। সর্বশেষ ২০০১ সালের নির্বাচনে এই প্রবণতা আরও বেড়ে গিয়েছিল। বিস্তারিত জানাচ্ছেন সুমন মাহবুব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 08:44 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

নির্বাচনে জেতার প্রয়োজনে কালোটাকার মালিকদের  মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগও। ১৯৯১ সালের নির্বাচনে হেরে যাওয়ার পর দলটি রাজনৈতিক কৌশলে পরিবর্তন আনে। আর এরই অংশ হিসাবে ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কয়েক জন কালো টাকার মালিককে মনোনয়ন দিয়েছিল। সর্বশেষ ২০০১ সালের নির্বাচনে এই প্রবণতা আরও বেড়ে গিয়েছিল।

এসব কথা অকপটে স্বীকার করলেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা ও সংসদে সাবেক বিরোধী দলীয় উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে নিজ কক্ষে রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীদের মনোনয়ন দিলেও আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারেনি। সেই অবস্থার পরিপ্রেক্ষিতে  ১৯৯৬ সালের নির্বাচনে জেতার কৌশল হিসেবে দু--একজন কালোটাকার মালিককে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, “এছাড়া সর্বশেষ ২০০১ সালের নির্বাচনে সবাই দেখেছে দলগুলো যাকে খুশি তাকে মনোনয়ন দিয়েছে।”

জাতীয় স্বার্থে নির্বাচন কমিশনের সংস্কার হওয়ার পাশাপাশি কালো টাকা ও পেশীশক্তি মুক্ত সংসদ প্রতিষ্ঠা করা প্রয়োজন বলে মন্তব্য করেন অ্যাডভোকেট আব্দুল হামিদ।

আওয়ামী লীগের মধ্যে পরিবারতন্ত্র নেই দাবি করে তিনি বলেন, “শেখ ফজলুল করিম সেলিম শেখ হাসিনার আত্মীয় হলেও সভানেত্রীর অনেক আগে থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। শেখ হেলাল ও সাবেক সাংসদ নুর--এ আলম চৌধুরী লিটনও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এমনকি আমীর হোসেন আমুও শেখ হাসিনার আগেই রাজনীতিতে এসেছেন। ”

পরিবারতন্ত্রের উত্তরসূরি হিসাবে আওয়ামী লীগের যেসব নেতার নাম বলা হয় তাদের কেউই শেখ হাসিনার প্রধানমন্ত্রী হওয়ার পরে রাজনীতিতে আসেননি মন্তব্য করে আব্দুল হামিদ বলেন, “খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরে ছেলে তারেক রহমানসহ পরিবারের অনেকেই রাজনীতিতে এসেছেন। অন্যদিকে বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে সম্পৃক্তদের সবাই দীর্ঘদিন রাজনীতি করেই দলের নেতৃত্বে এসেছেন।”

অ্যাডভোকেট আব্দুল হামিদ পাল্টা প্রশ্ন করেন, “পাকিস্তান আমলে বঙ্গবন্ধু পবিারের অনেকেই জেল খেটেছেন। কই তখন তো কেউ বলেনি এক পরিবারের এতো লোক একসঙ্গে আন্দোলন করতে পারবেন না।”