তারেক রহমানের সঙ্গে দেখা করলেন স্ত্রী ও শাশুড়ি
খালেদা জিয়ার ছেলে ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের সঙ্গে শুক্রবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু।
কেন্দ্রীয় কারাগারের ঊর্ধ্বতন কারা সুপার গোলাম হায়দারের রুমে বিকেল সোয়া চারটা থেকে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপ--কারারক্ষী আবদুর রহিম, গোয়েন্দা সংস্থা স্পেশাল ব্রাঞ্চের শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
উপ--মহা কারা পরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী জানান, তারেক রহমানের সঙ্গে দেখা করার অনুমতি ছিল তিনজনের। মেয়ে জাইমা রহমানের পরীক্ষা থাকার কারণে সে আসতে পারেনি।
তিনি জানান, তারেক রহমানের শারীরিক অবস্থা এখন ভাল আছে। তার শরীরে কোন সমস্যা নেই।
এর আগে গত ১৮ এপ্রিল তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ও শাশুড়ি দেখা করেছিলেন। এরপর আদালতে আরেকবার দেখা করার সুযোগ পান তার আত্মীয় --স্বজন।
