২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়েছিলেন হান্নান শাহ

বিএনপি নেতা আ স ম হান্নান শাহকে জয়দেবপুর থানা হাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাজিপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 08:37 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

একটি চাঁদাবাজি মামলায় পাঁচ দিনের রিমান্ডের তৃতীয় দিন বৃহস্পতিবার হান্নান শাহ কিছুটা অসুস্থ হয়ে পড়েন।

এ জন্য সকালে গাজিপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. হালিম মোল্লাকে জয়দেবপুর থানা থেকে খবর পাঠানো হয়। তবে ওই চিকিৎসক জানান, তিনি রওনা হওয়ার আগেই থানা থেকে পুনরায় তাকে জানানো হয় হান্নান শাহ সুস্থ হয়ে উঠেছেন।

পরিবারের সদস্যরা জানান, হান্নান শাহ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা জটিলতায় ভুগছিলেন। থানা হাজতের পরিবেশের সঙ্গে অভ্যস্ত না হওয়ায় সমস্যা আরও বেড়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কাপাসিয়া থানার উপ পরিদর্শক আবুল বাশার জানান, হান্নান শাহ এর স্বাস্থ্যের দিকে নজর রেখেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কাপাসিয়া ডিগ্রি কলেজের প্রভাষক রুহুল আমীনের দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় গত ১৪ মে ঢাকার বাসা থেকে হান্নান শাহ ও তার ছেলে শাহ রেজাউল হান্নানকে গ্রেপ্তার করা হয়।

ওই মামলায় এখন তারা পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন। নিরাপত্তার স্বার্থে কাপাসিয়ায় না নিয়ে জয়দেবপুর থানায় রেখে হান্নান শাহ ও ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।