খালেদা জিয়া আপাতত সিঙ্গাপুর যাচ্ছেন না
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর ছোট ছেলে অসুস্থ আরাফাত রহমান কোকোকে নিয়ে সিঙ্গাপুর যাওয়া বাতিল করেছেন। জানা গেছে, আরাফাত রহমানের বিরুদ্ধে বুধবার একটি চাঁদাবাজি মামলা দায়ের হওয়ায় রাত ৯টায় তিনি আপাতত সিঙ্গাপুর না যাওয়ার সিদ্ধান্ত নেন।
বুধবার রাত সোয়া নয়টায় বিএনপি যুগ্মমহাসচিব ও মূখপাত্র নজরুল ইসলাম খান নফহবংি২৪.পড়স -কে বলেন, “নেত্রী আমাকে জানিয়েছেন, কোকো খুব অসুস্থ। তাঁর জরুরি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়া প্রয়োজন ছিল। নেত্রী নিজেও অসুস্থ। কিন্তু কোকোর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক একটি মামলা দায়ের হওয়ায় তিনি সিঙ্গাপুরে যাওয়া স্থগিত করেছেন।”
নজরুল ইসলাম বলেন, খালেদা জিয়া এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার ও হয়রানি বন্ধের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।
বিএনপি সূত্র জানায়, চিকিৎসকদের পরামর্শে কোকোকে নিয়ে খালেদা জিয়ার বুধরাত রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল। কোকোর স্ত্রী ও দুই মেয়েরও তাদের সঙ্গে যাওয়ার কথা ছিল।
খালেদা জিয়ার সিঙ্গাপুরে যাওয়ার বিষয়টি বিএনপির পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র সচিব আবদুল করিমকে চিঠি দিয়ে জানানো হয়।
