ক্যাম্পে ভোটার তালিকা তৈরির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন:জলিল
বাড়ি বাড়ি না গিয়ে ক্যাম্প তৈরি করে ছবিসহ নতুন ভোটার তালিকা করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল।
মঙ্গলবার দিলকুশায় নিজের মালিকানাধীন মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের জলিল বলেন, “নির্বাচনী আইনে আছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করতে হবে। আমরা চাই এই আইন মেনে ভোটার তালিকা করা হোক।”
নির্বাচনী আইন সংস্কার না করে ক্যাম্প বসিয়ে ভোটার তালিকা করার সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বাড়ি বাড়ি না গেলে ভোটার সংখ্যা বাড়বে না এবং নতুন করে কেউ ভোটার হতে চাইবেন না। কারণ আমাদের দেশের গ্রামাঞ্চলের মহিলাদের মধ্যে সচেতনতা নেই।”
তিনি অভিযোগ করেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা রাজনৈতিক দলগুলোকে প্রধান ‘ক্লায়েন্ট’ হিসেবে বর্ণনা করে বলেছিলেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলের সঙ্গে কথা বলা হবে। কিন্তু ডিজিটাল পদ্ধতিতে ভোটার তালিকা করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কাছে কোনো মতামত চাওয়া হয়নি।
এক প্রশ্নের জবাবে আব্দুল জলিল বলেন, “ডিজিটাল পদ্ধতিতেও বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করা সম্ভব। এতে খরচও কম হবে।”
জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা দুটি আলাদা জিনিস মন্তব্য করে তিনি বলেন, “১৮ বছরের ওপরে যারা আছেন ভোটার করার সময় তাদের জাতীয় পরিচয়পত্রেও অর্ন্তভুক্ত করা উচিত। এর নিচে যারা আছেন তাদের পরেও অর্ন্তভুক্ত করা যাবে।”
তিনি বলেন, সেনাবাহিনীর সহায়তায় ভোটার তালিকা করার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়েছি। কারণ সেনাবাহিনীর সহায়তায় ভোটার তালিকা করা হলে তাতে শৃঙ্খলা থাকবে।
