‘গণতন্ত্র নিশ্চিতে নির্বাচনী আইনের পাশাপাশি দলগুলোর সংস্কারও জরুরি’
নির্বাচনী আইন সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলের সংস্কার জরুরি হয়ে পড়েছে। গণতন্ত্র নিশ্চিত করতেই এটি করা প্রয়োজন। দেশের দলগুলোর ভেতরে গণতন্ত্রের চর্চা নেই; নেই জনগণের কাছে দায়বদ্ধতা। বছরের পর বছর ধরে রাজনীতির নামে দলগুলোতে চলছে পরিবারতন্ত্র।
মঙ্গলবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ (বামাসপ) ‘জাতীয় নির্বাচন ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক এই মতবিনিময় সভার আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এস এম শাজাহান ও এম. হাফিজ উদ্দিন খান, দি হাঙ্গার প্রজেক্টের আবাসিক প্রতিনিধি ড. বদিউল আলম মজুমদার, ফেমার মহাসচিব এম এ মতিন, বামাসপ পরিচালক অ্যাডভোকেট মুহাম্মদ সামছুদ্দিন প্রমুখ। সভাপতিত্ব করেন বামাসপ সভাপতি এএইচএম নোমান।
এ এস এম শাজাহান বলেন, “নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং নির্বাচনকে কালো টাকা ও পেশীশক্তি মুক্ত করতেই নির্বাচনী আইনের সংস্কার জরুরি হয়ে পড়েছে।”
তিনি বলেন, “নির্বাচন কমিশনকে শুধু আইনগুলোকে সংস্কার করলেই চলবে না, আইনগুলোর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে।”
এম. হাফিজ উদ্দিন খান বলেন, “সংসদ কার্যকর না হওয়ায় বার বার নির্বাচন করে কোটি কোটি টাকার অপচয় হচ্ছে। আর সংসদকে অকার্যকর করার জন্য দায়ী সাংসদরাই।”
তিনি বলেন, “নির্বাচন কমিশন সচিবলায়কে শক্তিশালী করার জন্য একে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পৃথক করা প্রয়োজন। এ জন্য সংবিধান সংশোধন করার দরকার হবে।”
বদিউল আলম মজুমদার বলেন, “রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক করার পাশাপাশি নির্বাচন কমিশনের উচিত হবে নিবন্ধনের শর্ত হিসেবে দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা ও তাদের আয় -- ব্যয়ের হিসাব আদায় করা।”
তিনি বলেন, “দেশে এখনো যথাযথ রাজনৈতিক দল গড়ে ওঠেনি। রাজনীতির নামে চলছে পরিবারতন্ত্র, সিন্ডিকেট চর্চা। এ সব দলের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই; তাদের কোনো জবাবদিহিতাও নেই। ১১ জানুয়ারির পট পরিবর্তন এরই প্রেক্ষাপটে হয়েছে।”
