২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিবাজ রাজনীতিকদের বিচারের পর নির্বাচন চান আব্দুস শহীদ

দুর্নীতির দায়ে অভিযুক্ত রাজনৈতিক নেতাদের মামলাগুলো নিষ্পত্তির পরই নির্বাচন হওয়া উচিত বলে মত দিয়েছেন অষ্টম জাতীয় সংসদে বিরোধী দলের প্রধান হুইপ আব্দুস শহীদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কামরান রেজা চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 02:12 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

শুক্রবার নিজের ন্যাম ফ্ল্যাটে বিডিনিউজ টোয়েন্টিফোর কে দেওয়া একান্ত সাক্ষাতকারে তিনি বলেন, “যত তাড়াতাড়ি সম্ভব আগামী সংসদ নির্বাচন হওয়া উচিত তবে এর আগে অবশ্যই অভিযুক্তদের মামলার বিচারকাজ শেষ হওয়া প্রয়োজন। এটি করা না হলে দুর্নীতিবাজরা নির্বাচনে বিজয়ী হয়ে নতুন উপায়ে দুর্নীতি শুরু করতে পারে।”

কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার জন্য তিনি রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ এবং জাতীয় সংসদের স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকারকে দায়ী করে বলেন, এ ঘটনা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে।

আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এই নেতা মনে করেন, জমিরউদ্দিন সরকার ও ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে সাইপ্রাসে অনুষ্ঠিত সিপিএ বৈঠকে বাংলাদেশের কেউ প্রতিনিধিত্ব করেনি। তার মতে, “স্পিকার যদি এ অনুষ্ঠানে প্রতিনিধি পাঠানোর পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ইয়াজউদ্দিন যদি পক্ষপাতিত্ব না করতেন এবং সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতো তাহলে সিপিএ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হতো না।”

রাজনৈতিক সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগে সংস্কারের বিষয়ে দলীয় প্রধানকে দল অনুমতি দিয়েছে। আওয়ামী লীগের কোনো নেতা দুর্নীতিবাজ প্রমাণিত হলে অবশ্যই তাকে দল থেকে বহিষ্কার করা হবে।