২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কর্নেল অলি দলে দুর্নীতিবাজ নেতাদের আশ্রয় দিয়েছেন’

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নির্বাহী সভাপতি কর্নেল অলির নেতৃত্বে দলে সন্ত্রাসী, দুর্নীতিবাজ ও জঙ্গিবাদে মদদ দানকারী নেতারা ঠাঁই পেয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 02:16 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

এলডিপির নেতা-কর্মীরা বার বার এর বিরোধিতা করলেও অলি নিজের স্বার্থেই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেননি। দলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবদুর রউফ মান্নান সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর এর সঙ্গে এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেছেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ভেতরে যে সংস্কার প্রক্রিয়ার কথা তত্ত্বাবধায়ক সরকার বলছে, সেই অনুযায়ী জরুরি অবস্থার পর তাদের দলেও সেই সংস্কার অপরিহার্য হয়ে পড়েছে।

মান্নান বলেন, বিএনপির ভেতরে দুর্নীতি, পরিবারতন্ত্র, সন্ত্রাস ও জঙ্গিবাদে মদদ দেওয়ার যে ধারা চালু হয়েছিল, তা থেকে সরে এসে পরিচ্ছন্ন রাজনীতির স্বার্থেই বিকল্পধারা গঠন করা হয়। বিএনপি থেকে বেরিয়ে এসে কর্নেল অলি যোগ দেওয়ার পর গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই এই দলটির নাম দেওয়া হয় এলডিপি।

তিনি জানান, দল গঠনের প্রথম থেকেই নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ-সবাই এই দলের মাধ্যমে একটি পরিচ্ছন্ন রাজনৈতিক ধারার সূচনা হবে বলে আশা করে এসেছেন। কিন্তু বিএনপিতে থাকাকালে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত রেদওয়ান আহমেদ ও সন্ত্রাস-জঙ্গিবাদে মদদদানকারী আলমগীর কবীরসহ এই ধারার কিছু নেতা এলডিপিতে যোগ দেওয়ায় নেতা-কর্মীদের অধিকাংশই এর বিরোধিতা করেন। কিন্তু তখন দলের উচ্চ মহলে এ নিয়ে কথা বলা হলেও নির্বাহী সভাপতি কর্নেল অলির একক সিদ্ধান্তে দলেই রয়ে যান অভিযুক্ত নেতারা। এতে এলডিপির ভাবমূর্তি নষ্ট হয় বলে মন্তব্য করেন মান্নান।

তিনি বলেন, রাজনৈতিক সংস্কারের লক্ষ্যেই তারা এলডিপির পতাকাতলে এসেছিলেন। কিন্তু দেখা যাচ্ছে, এখন এই দলটিতেও সংস্কার প্রয়োজন।

বি চৌধুরী ও কর্নেল অলির অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে জানতে চাইলে মান্নান বলেন, এ ধরণের কোনো দ্বন্দ্ব তাদের মধ্যে আছে বলে তার জানা নেই। তবে দুর্নীতির দায়ে তাদের দলের কেউ অভিযুক্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক তা সাধারণ নেতা-কর্মীরা চান। এক্ষেত্রে বি চৌধুরী বা কর্নেল অলির মধ্যে কেউ, অথবা তাদের দুজনের বিরুদ্ধেও যদি অভিযোগ ওঠে, তাহলে দল ও পরিচ্ছন্ন রাজনৈতিক ধারার স্বার্থে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও নেতা-কর্মীরা আপত্তি করবেন না।