বোমা হামলার নিন্দা জানিয়েছেন হাসিনা
ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের রেল স্টেশনে মঙ্গলবার বোমা হামলার নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
বুধবার শেখ হাসিনার বরাত দিয়ে প্রেস সচিব আবুল কালাম আজাদ সাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, “ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের রেল স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, বাংলাদেশকে যারা উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করতে চায় তারা এখনও তৎপর রয়েছে।”
বিবৃতিতে জঙ্গি সন্ত্রাসী তৎপরতা বন্ধ করার জন্য অবিলম্বে উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসীদের মদদদাতা, গডফাদার, অস্ত্র এবং অর্থের যোগানদাতাদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শেখ হাসিনা।
